১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত যশ চোপড়ার কাল্ট থ্রিলার 'ডর' (Darr)-এর খলনায়ক 'রাহুল মেহরা' বললেই আজও চোখে ভেসে ওঠে শাহরুখ খানের অবয়ব। কিংবা শাহরুখের মুখের সেই ‘ক-ক-ক-কিরণ’ সংলাপ আর সাইকো লাভারের ইমেজ। শাহরুখের অভিনয় ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল এই ছবি।

তবে বহু বছর পর প্রকাশ্যে এল এক চমকপ্রদ তথ্য— সিনেমাটিতে রাহুল মেহরার চরিত্রে প্রথমে শাহরুখ খান নন, অভিনয় করার কথা ছিল অভিনেতা সুদেশ বেরির (Sudesh Berry)! কস্টিউম ট্রায়াল হয়ে যাওয়ার পরও শেষ মুহূর্তে কেন ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি?
পোশাক তৈরি ছিল, শেষ মুহূর্তে হাতছাড়া হয় এই ক্লাসিক রোল
'অ্যাকোম্পানি আক্কি' (Accompany Akki) নামক একটি পডকাস্টে উপস্থিত হয়ে সুদেশ বেরি নিজে ঘটনাটি খোলসা করেছেন। সুদেশের বক্তব্য অনুযায়ী, 'ডর' ছবিতে কিরণের প্রতি তীব্র আসক্ত স্টকার রাহুল মেহরার ভূমিকার জন্য তাঁকেই চূড়ান্ত করা হয়েছিল এবং তাঁর কস্টিউমও প্রস্তুত হয়ে গিয়েছিল।
সুদেশ জানান, প্রজেক্টটির কাজ চলার সময় অন্য কেন্দ্রীয় চরিত্রগুলির জন্য অভিনেতাদের নাম বারবার বদলাচ্ছিল। প্রথমে ঋষি কাপুর, তারপর আমির খানের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত সানি দেওলকে সই করানো হয় নায়কের ভূমিকায়।
ক্লাইম্যাক্সের কারণেই কি সিদ্ধান্ত বদল যশ চোপড়ার?
{{/usCountry}}ক্লাইম্যাক্সের কারণেই কি সিদ্ধান্ত বদল যশ চোপড়ার?
{{/usCountry}}সুদেশ বেরির দাবি অনুযায়ী, সিনেমার শেষ লড়াই বা ক্লাইম্যাক্স দৃশ্যের কারণেই পরিচালক যশ চোপড়া শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। অভিনেতা জানান, ‘ছবির শেষের দিকে আমার চরিত্রটির প্রতিপক্ষকে ঘুষি মারার একটি শট ছিল। পরিচালকের মনে হয়েছিল, সানি দেওলের মতো অত বড় একজন তারকাকে যদি আমার মতো একজন নতুন অভিনেতা মারধর করে, তবে ক্লাইম্যাক্সের সেই চূড়ান্ত প্রভাব নষ্ট হয়ে যেতে পারে। অন্তত এমনটাই শুনেছিলাম আমি।’
সুদেশ আরও জানান, তিনি আজ পর্যন্ত 'ডর' সিনেমাটি দেখেননি। তবে নির্মাতা হিসেবে যশ চোপড়ার প্যাশন ও দূরদর্শিতাকে তিনি সর্বদা সম্মান জানান। তবে ডর শাহরুখের কেরিয়ারেও একদম শুরুর দিকের ছবি, অবশ্য় ততদিনে বাজিগর ছবিতে নেগেটিভ রোলে অভিনয় করে নামডাক করেছিলেন এসআরকে।
'ডর' ও বলিউডের ইতিহাস
১৯৯৩ সালের এই সাইকোলজিক্যাল থ্রিলারে জুহি চাওলা (কিরণ) এবং সানি দেওলের (সুনীল) পাশাপাশি শাহরুখের সেই খলনায়কের চরিত্র বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল। তবে সেই সময়ে যদি যশ চোপড়া সিদ্ধান্ত না বদলাতেন, তবে হয়তো বলিউডের ইতিহাসের পাতা অন্যভাবে লেখা হতো! তবে এই ছবির আরও একটা ইতিহাস রয়েছে, এই ছবিতে হিরো সানির চেয়ে ভিলেন শাহরুখকে বেশি গুরুত্ব দিয়েছিলেন পরিচালক যশ চোপড়া, এমন অভিযোগ ছিল স্বয়ং সানি দেওলের। এর জেরেই যশ রাজ ফিল্মস থেকে চিরতরে নিজেকে গুটিয়ে নেন সানি। আর কাজ করেননি তাঁদের সঙ্গে। এমনকী শাহরুখ খানের সঙ্গেও কথাবার্তা বন্ধ হয়ে যায় তাঁর। এখন অবশ্য দুই তারকার সম্পর্ক সাবলীল।