বলিউডের বাদশা শাহরুখ খানকে এবার দেখা গেল একেবারে অন্য মেজাজে। তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর নতুন পোস্টার ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। পোস্টারে অভিনেতার লুক যেমন নজর কেড়েছে, তেমনই সেটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

নতুন পোস্টারে শাহরুখের চুল সাদা, মুখে একাধিক ক্ষতচিহ্ন। হাতে ধরা বন্দুক, আর ঠোঁটে গোঁজা লাল গোলাপ। সব মিলিয়ে রহস্যময়, রুক্ষ এক চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা। পোস্টারটি ভাগ করে নিয়ে শাহরুখ লিখেছেন, ‘কাতিল নেহি, আশিক হুঁ’। অর্থাৎ, ‘খুনি নই, প্রেমিক আমি।’ এই সংলাপধর্মী ক্যাপশন পোস্টারের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।
পোস্টার দেখে কী বলছেন অনুরাগীরা?
নতুন লুক দেখে শাহরুখ-ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘কিং এসে গিয়েছে’, আবার কারও মতে, বক্স অফিসের আসল রাজা ফিরছেন। অনেকেই জানিয়েছেন, পোস্টারটি তাঁদের ছবিটি দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
তবে প্রশংসার পাশাপাশি উঠেছে অন্য প্রশ্নও। পোস্টারটি দেখে নেটিজেনদের একাংশের মনে হয়েছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। এক নেটিজেনের প্রশ্ন, এখন কি সব ছবির পোস্টারই এআই দিয়ে বানানো হচ্ছে? অন্য একজনের দাবি, পোস্টারটি দেখেই এআইয়ের ব্যবহার বোঝা যাচ্ছে। যদিও পোস্টার নিয়ে এমন জল্পনার মধ্যেও ছবির আবহ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন অনেকে।
‘কিং’-এর শুটিংয়ে চোট পেয়েছিলেন শাহরুখ
{{/usCountry}}‘কিং’-এর শুটিংয়ে চোট পেয়েছিলেন শাহরুখ
{{/usCountry}}কিছু দিন আগে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শাহরুখ খান। সেখানে এক ভক্ত তাঁকে ছবির একটি গান প্রকাশ করার অনুরোধ জানান। উত্তরে অভিনেতা জানান, গানটি প্রকাশের আগে অরিজিৎ সিংকে কিছু কাজের চূড়ান্ত পর্ব শেষ করতে হবে। অরিজিতের নিখুঁত কাজের প্রতি নিষ্ঠার কথা উল্লেখ করে শাহরুখ জানান, তাই আরও কিছুটা সময় লাগবে।
একই পর্বে ছবির শুটিং চলাকালীন চোট পাওয়ার কথাও জানিয়েছিলেন অভিনেতা। তাঁর বক্তব্য অনুযায়ী, চোটের কারণে কয়েকবার শুটিং বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন তিনি সুস্থ এবং ছবির কাজও প্রায় শেষের পথে।
কবে আসবে ‘কিং’-এর ট্রেলার?
২০২৫ সালের নভেম্বর মাসে ‘কিং’-এর প্রথম টিজার প্রকাশ্যে এসেছিল। তার পর থেকেই ছবির ট্রেলারের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ট্রেলার নিয়ে প্রশ্নের জবাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিশ্রমের কথা তুলে ধরেন শাহরুখ। তিনি জানান, দর্শকদের সামনে ছবির সেরা সংস্করণ তুলে ধরতেই পরিচালক সময় নিচ্ছেন। ছবিটি দেখে যাতে দর্শকরা খুশি হন এবং গর্ব অনুভব করেন, সেটাই তাঁদের লক্ষ্য।
কবে মুক্তি পাবে শাহরুখের ‘কিং’?
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবিতে শাহরুখের পাশাপাশি রয়েছেন তাঁর মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি এবং রাঘব জুয়েল। তারকাখচিত এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এবার নতুন পোস্টার সেই উন্মাদনায় আরও খানিকটা ইন্ধন জোগাল।