বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর ভারতের নানান জায়গায় ছট পুজো খুব ভক্তি আর বিশ্বাসের সঙ্গে পালন করা হয়। এই বছর ১৩ থেকে ১৬ নভেম্বরের মধ্যে এই ছট উৎসব পালিত হচ্ছে। ছট মহাপর্বের আগে ভোজপুরি গানের রানি কল্পনা পাটোয়ারী এই পুজোর গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে, সবারই ছট পুজো করা উচিত। কল্পনা আরও জানান যে বিহারে মুসলিম নারীরাও ছট উৎসব পালন করেন।

ছটী মাইয়া সম্পর্কে কী বললেন কল্পনা?
শুভঙ্কর মিশ্রর পডকাস্টে এসে ছঠপুজো ঘিরে ছোটবেলার স্মৃতি এবং এই উৎসবের তাৎপর্য নিয়ে কথা বলেন কল্পনা। তাঁর মতে, ছঠী মাইয়ার প্রতি মানুষের বিশ্বাস অত্যন্ত গভীর। বিশেষ করে সন্তান লাভের আকাঙ্ক্ষায় বহু মহিলা ছঠী মাইয়ার কাছে মানত করেন। বিয়ের পর কোনও মহিলা মা হতে না পারলে তাঁকে ছঠপুজো করার পরামর্শ দেওয়া হয় বলেও জানান গায়িকা।
ছট পুজো নিয়ে এক অদ্ভুত ঘটনার কথা শোনালেন কল্পনা পাটোয়ারি
কল্পনা জানান যে, তাঁর নিজের জীবনেও এমনটা ঘটেছে। তিনি বলেন, মা হওয়ার ক্ষেত্রে তাঁরও কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। তখন জামালপুরের এক ভক্ত তাঁকে বলেছিলেন যে তিনি কল্পনার জন্য 'কোসি' (ছট পূজার এক বিশেষ মানত) ভরবেন। তবে সন্তান হলে কল্পনাকে সেখানে যেতে হবে। কল্পনা বলেন, ‘আমি বললাম, মা, এ তো আশীর্বাদের মতো। আর ঠিক পরের বছরেই... আজ আমার দুটো যমজ ছেলে আছে। আমি ওদের দুজনকে নিয়ে জামালপুরে গিয়েছিলাম। সেই মা আমার দুই ছেলেকে কোলে রেখে ছট পূজা করেছিলেন। তিনি কিছু নিয়ম পালন করেছিলেন, বাচ্চাদের চুল কেটে দিয়েছিলেন। তাই এই যে আবেগ, এটা এমন নয় যে আমি শুধু রেকর্ডিং স্টুডিওতে বসে ছটের গান গেয়ে দিয়েছি। এই কথাগুলো বলার সময়ও আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি।’
বিহারে মুসলিম মহিলারাও পালন করেন ছটপুজো!
{{/usCountry}}বিহারে মুসলিম মহিলারাও পালন করেন ছটপুজো!
{{/usCountry}}ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ টেনে কল্পনা জানান, বিহারে বহু মুসলিম মহিলাও ছটপুজো করেন। এই বিষয়টি জানার পরেই বিহারের এই সাংস্কৃতিক ঐতিহ্যকে গানের মাধ্যমে তুলে ধরার ইচ্ছা হয়েছিল তাঁর। সেই ভাবনা থেকেই তৈরি হয় তাঁদের গান। এমনকী একটি মিউজিক ভিডিওতেও এক মুসলিম মহিলাকে নমাজের পোশাক খুলে পিহরি পরে ছঠপুজো করতে দেখা গিয়েছে। কল্পনার ব্যাখ্যা, মাতৃত্বের আকাঙ্ক্ষার কাছে ধর্মীয় পরিচয় অনেক সময় গৌণ হয়ে যায়। একজন নারী যখন মা হওয়ার জন্য প্রার্থনা করেন, তখন তাঁর বিশ্বাসই হয়ে ওঠে সবচেয়ে বড় আশ্রয়।
কেন ছটপুজোয় পুরোহিতের প্রয়োজন হয় না?
ছটপুজোর বিশেষত্ব ব্যাখ্যা করতে গিয়ে কল্পনা বলেন, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন আসলে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি উপায়। এই পুজোয় পুরোহিতের প্রয়োজন হয় না। বরং লোকগানই এখানে মন্ত্রের মতো গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, অসমেও এখন বহু মহিলা ছটপুজো করছেন।
কোভিডের সময় প্রথমবার ছটপুজো করেছিলেন কল্পনা
ছটপুজোর সঙ্গে নিজের আরও একটি স্মৃতির কথা ভাগ করে নেন গায়িকা। পেশার কারণে উৎসবের সময় প্রায়ই তাঁকে মঞ্চে থাকতে হয়। ফলে নির্জলা উপবাস রাখা তাঁর পক্ষে সম্ভব হয় না। কারণ উপবাসের পাশাপাশি গান গাওয়াও বেশ কঠিন। তবে কোভিডের সময় অসমে প্রথমবার ছটপুজো করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকে অত্যন্ত ঐশ্বরিক বলে বর্ণনা করেছেন কল্পনা। এবছরও পুজো করার ইচ্ছা রয়েছে তাঁর। যদি কোনও অনুষ্ঠানে মঞ্চে থাকতে না হয়, তাহলে ছটপুজোর ব্রত পালন করবেন বলেও জানিয়েছেন ভোজপুরি গায়িকা।