টলিউডের অন্যতম চর্চিত ও মিষ্টি দম্পতি অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। গত কয়েক মাস ধরেই টেলিপাড়ায় সোহিনীর মা হওয়ার চর্চা শোনা গিয়েছে। সোহিনী খবরে এতদিন সিলমোহর না দিলেও, নাকোচ করেননি। কিন্তু বিবাহবার্ষিকীর দিন দীর্ঘদিনের জল্পনায় অবশেষে সিলমোহর দিলেন তাঁরা। নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকীর বিশেষ দিনে জীবনের সবচেয়ে বড় সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন টলিপাড়ার ‘সত্যবতী’। হ্য়াঁ, মা হচ্ছেন সোহিনী সরকার।

সোশ্যাল মিডিয়ায় সোহিনীর পোস্ট করা দুটি ছবিতে দেখা যাচ্ছে, সাদারঙের মেটারনিটি কুর্তিতে হবু মা সোহিনীকে আদরে ভরিয়ে দিচ্ছেন শোভন। গায়কের পরনে আসমানি নীল কুর্তা। সোহিনীর মাতৃত্বকালীন জেল্লা চোখে পড়ার মতো। খোলা চুল, কানের পাশে চুলে গোঁজা রয়েছে লাল রঙা ফুল। মুখে হাসির ঝিলিক। শোভনের আলতো হাত সোহিনীর স্পষ্ট ‘বেবি বাম্প’-এর ওপর। ক্যাপশনে লেখা— ‘আমরা দুই থেকে তিনের পথে…’। এই মিষ্টি মুহূর্তের ছবি নিমেষেই মন জয় করে নিয়েছে নেটপাড়ার। কিন্তু এই খুশির খবরের মাঝেই নেটিজেনদের একাংশের মনে পড়ে গিয়েছে অভিনেত্রীর অতীতের এক বিতর্কিত মন্তব্য।
২০২৪-এর বিয়ে এবং আরজি কর কাণ্ডের সেই বিতর্কিত মন্তব্য
২০২৪ সালের জুলাই মাসে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন শোভন ও সোহিনী। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মাথাতেই রাজ্যে ঘটে যায় আরজি কর হাসপাতালের সেই নৃশংস ও ভয়াবহ ঘটনা, যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রথম থেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছিলেন সোহিনী সরকার। ‘রাত দখল’ থেকে শুরু করে রাজপথের প্রতিটি মিছিলে সামনের সারিতে দাঁড়িয়ে সুবিচারের দাবি তুলেছিলেন তিনি।
সেই সময় কলকাতা মেডিক্যাল কলেজে আয়োজিত একটি গণকনভেনশনে অংশ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেত্রী। দেশের নিরাপত্তা ও নারী সুরক্ষা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছিলেন, ‘আমার সদ্য বিয়ে হয়েছে। কয়েকদিন আগে আমার স্বামীকে (শোভন) বলেছি, এই রকম দেশে আমি সন্তান আনতে চাই না। চারিদিকে দুর্নীতি ভরে গিয়েছে। এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে, আমি আমার সন্তানকে এখানে রেখে দিয়ে যেতে পারব না।’
অতীত বিতর্ক বনাম বর্তমানের আনন্দ
{{/usCountry}}অতীত বিতর্ক বনাম বর্তমানের আনন্দ
{{/usCountry}}সেদিনের সেই প্রতিবাদের সুর এবং ‘সন্তান না আনার’ সেই মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে কম তোলপাড় হয়নি। তবে সময় বদলেছে। বাংলায় সরকারও বদলেছে। সমস্ত বিতর্ক, ক্ষোভ আর সামাজিক অস্থিরতার গণ্ডি পেরিয়ে আজ নতুন জীবনের আলো ফুটতে চলেছে এই তারকা দম্পতির ঘরে। অতীতে দেশের পরিস্থিতি নিয়ে যে আশঙ্কার কথা সোহিনী প্রকাশ করেছিলেন, আজ জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখে সেই আশঙ্কার মেঘ কাটিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে প্রস্তুত অভিনেত্রী।
শোভন ও সোহিনীর এই নতুন যাত্রার সূচনায় টলিপাড়ার সতীর্থ থেকে শুরু করে সাধারণ অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের সোশ্যাল মিডিয়ার দেওয়াল।