মাতৃত্বের স্বাদ পাওয়ার পর এই প্রথম জন্মদিন! জীবনের সেরা উপহার ইতিমধ্যে হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। মাত্র ১০ দিন আগে ঘর আলো করে এসেছে তাঁদের একরত্তি পুত্রসন্তান। আর সেই পুঁচকে কোল-আলো-করা ছেলেকে কোলে জড়িয়েই জীবনের এই বিশেষ দিনটি উদ্যাপন করলেন নতুন মা।

জন্মদিনের সকালটা ছিল একেবারে পারিবারিক আমেজে পরিপূর্ণ। নীল রঙের প্রিন্টেড পোশাকে, কোলে সদ্যোজাত সন্তানকে আঁকড়ে ধরে কেকে ছুরি বসালেন সোহিনী। একরত্তির মিষ্টি মুখটিকে ইমোজি দিয়ে আড়াল রাখলেও, নতুন মায়ের চোখেমুখে উপচে পড়া আনন্দের দীপ্তি আড়াল করা যায়নি। পাশে হাজির ছিলেন পরিবারের খুদেরাও। কেবল কেক কাটাই নয়, জন্মদিনের দুপুরে খাঁটি বাঙালি ভুরিভোজে জমে উঠেছিল উদযাপনের মেজাজ— কাঁসার থালায় সাজানো ধোঁয়া ওঠা গরম ভাত, হরেক পদের ভাজাভুজি, ডাল, তরকারি এবং শেষ পাতে ঐতিহ্যবাহী পায়েস।
স্ত্রীর জীবনের এই নতুন অধ্যায়ের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্বামী তথা সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। সোহিনীর একটি মিষ্টি ছবি শেয়ার করে শোভন লেখেন, ‘এ পৃথিবীর সব আনন্দ তোমার হোক… শুভ জন্মদিন!’ ভালোবাসায় ভরা সেই বার বার্তা নিমেষেই মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।
বিগত বছরগুলোতে ধুমধাম করে উদযাপন হলেও, এবারের জন্মদিন সোহিনী-শোভনের কাছে সম্পূর্ণ আলাদা। মা হওয়ার হওয়ার পর সোহিনীর এই প্রথম জন্মদিনের রেশ নিশ্চিতভাবেই সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে তাঁদের কাছে। সমাজমাধ্যমে অনুরাগী থেকে শুরু করে টলিউডের সহকর্মীরা শুভকামনা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নতুন মাকে।