...
...
Next Story

বিয়ের আগেই কার্তিক পড়ল ‘কিপটে’ দেবাংশুর বাড়িতে! খাওয়াতে হবে পোলাও, মটন, কালিয়া

বাগদানের ঘোষণা করতেই কার্তিক পড়ল দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে। এদিকে বিয়েটাই যে হয়নি। খাবারের লিস্টও বেশ লম্বা। পুজোটা কি তাহলে হচ্ছে?

Published on: Nov 17, 2026, 15:00:29 IST
Advertisement

সদ্যই করেছিলেন এনগেজমেন্টের ঘোষণা। তাতেই কারা যেন কার্তিক ঠাকুর ফেলে গেল দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে। দেবাংশু নিজেই সেই খবর দিলেন সোশ্যাল মিডিয়াতে।দেবাংশু জানান যে, রাত ৩টে নাগাদ বাইকে করে দু'জন এসে কার্তিক ঠাকুর ফেলে রেখে যান তাঁর বাড়ির বাইরে।

দেবাংশু-র বাড়িতে কার্তিক পড়ল।
দেবাংশু-র বাড়িতে কার্তিক পড়ল।

কার্তিকঠাকুরের সঙ্গে আসা চিঠিতে লেখা রয়েছে, ‘তোমার ও মায়ের বিয়ের কথা শুনেই আমি আসবার পাকাপাকি করে ফেললাম। আমি আসছি তোমার ঘরে, তাই তোমার প্রিয় কার্তিকের আবদার যে আমার জন্য পুজোর পর আমার কাকাদের আমন্ত্রণ করে ভালো খাবার খাইয়ে দিও’। আর মেনুতে কী কী রয়েছে?

সে এক লম্বা লিস্ট। মেনুতে দেওয়া হয়েছে স্টার্টারে ফিশ ফ্রাই বা কাবাব। এরপর হয় ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাও, সঙ্গে কাতলা মাছের কালিয়া, মাংসের মধ্যে চিকেন বা মটন কষা। আর শেষ পাতে টমেটোর চাটনি, পাপড়, রসগোল্লা, মাখা সন্দেশ, মিষ্টি দই, পান। সঙ্গে কার্তিকের ভয়, বাবা থুড়ি দেবাংশু তাঁর কাকাদের এমন খাবার না-ই বা খাওয়াতে পারেন। চিঠিতে লেখা, ‘জানি তুমি প্রচণ্ড কিপটে, তাই বলে আবার কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করার চেষ্টা করো না যেন।’

‘কিপটে’ দেবাংশু যদিও এই খাবার খাওয়াবেন কি না, তা লেখেননি। কিন্তু পুজো যে হচ্ছে বাড়িতে, তা নিশ্চিত করেছেন। লিখেছেন, ‘সকালে উঠে দেখি সদর দরজায় কারা তাঁকে রেখে দিয়ে গিয়েছেন! সিসিটিভিতে দেখলাম হেলমেট পরিহিত দুই ব্যক্তি বাইক নিয়ে এসে রাত্রি সাড়ে তিনটে নাগাদ এই কাণ্ড ঘটিয়ে গিয়েছেন। তাদের চিনতে পারিনি। কিন্তু যারাই করেছেন, তাদের বলি, আমি এখনও বিবাহিত নই। পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ! বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো? যাই হোক, প্রভু এসেছেন যখন, তাকে সপরিবারে সাদরে গ্রহণ করলাম।’

ছাত্ররাজনীতির হাত ধরে দেবাংশুর রাজনৈতিক জীবন শুরু। দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রচারে তাঁর লেখা ‘খেলা হবে’ গান বিপুল জনপ্রিয়তা পায়। তবে দুবার ভোটে দাঁড়ালেও, জয় আসেনি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুগলির চুঁচুড়া কেন্দ্র থেকে প্রার্থী হন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks