...
...
Next Story

সলমনের মাতৃভূমি-র ‘তেরি সেক্সি বিউটি’ গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের! ধর্ষণের হুমকি থেকে বিকৃত ছবি, উগরালেন পুরনো ক্ষোভ

সলমনের ‘মাতৃভূমি’র গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশ্যে আসতেই শুরু নতুন বিতর্ক। গানটি নিজেই গেয়েছেন অভিনেতা। আর তা শুনেই ফের সলমনকে নিশানা করলেন সোনা মহাপাত্র। ২০১৬ সালে অভিনেতার সঙ্গে তাঁর পুরনো বিবাদ, সেই সময় পাওয়া ধর্ষণের হুমকি থেকে শুরু করে কেরিয়ার নিয়ে ট্রোলারদের কটাক্ষ—সব কিছু নিয়েই মুখ খুললেন।

Published on: Nov 18, 2026, 11:10:56 IST
Advertisement

সলমন খানের ছবি ‘মাতৃভূমি’ খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। দীর্ঘ অপেক্ষার পর ছবিটি মুক্তি পাচ্ছে। সিনেমার বেশ কয়েকটি গানও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তেমনই একটি গান হলো ‘তেরি সেক্সি বিউটি’। গানটি গেয়েছেন স্বয়ং সলমন খান। এবার অভিনেতার এই গানটিকে নিশানা করলেন গায়িকা সোনা মহাপাত্র। তিনি আরও একবার সলমন খানের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।

ফের সলমন খানকে কটাক্ষ সোনা মহাপাত্রের। (Instagram)
ফের সলমন খানকে কটাক্ষ সোনা মহাপাত্রের। (Instagram)

‘তেরি সেক্সি বিউটি’ গান নিয়ে সোনা মহাপাত্রের কটাক্ষ

এই প্রথম নয় যে সোনা মহাপাত্র সলমন খানকে নিশানা করলেন। তিনি যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে সেই সময়ের কথা বলেছেন যখন সলমন খানের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়েছিল। তিনি জানান, সেই সময় লোকজন তাঁকে বলতেন যে সলমনের সঙ্গে ঝামেলায় না জড়ালে তাঁর কেরিয়ার দারুণ হতে পারত। এই ধরনের ট্রোলারদের জবাব দিয়ে সোনা মহাপাত্র বলেছেন যে তাঁকে নিয়ে তাঁদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তিনি নিজের শর্তে কাজ করছেন এবং কেরিয়ারে অনেক কিছু অর্জন করেছেন। এই ভিডিয়োতে সলমন খানের 'তেরি সেক্সি বিউটি' গানটিকে কটাক্ষ করে সোনা মহাপাত্র বলেন— ‘আমি কি এই শৈল্পিক জগতটাকেই (আর্টিস্টিক ইউনিভার্স) মিস করছিলাম?’

১০ বছর আগের বিতর্ক ফের উসকে দিলেন গায়িকা

ভিডিয়োতে সোনা বলেন, ২০২৬ সালের শেষে একজন পেশাদার শিল্পী হিসেবে তাঁর কেরিয়ারের ২০ বছর পূর্ণ হতে চলেছে। এই দীর্ঘ পথচলায় ২০১৬ সাল তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময় সালমান খানের একটি মন্তব্যের বিরোধিতা করেছিলেন তিনি। ছবির শুটিংয়ের ক্লান্তিকে ধর্ষণের শিকার কোনও মহিলার সঙ্গে তুলনা করেছিলেন অভিনেতা। সোনার দাবি, এই মন্তব্যের প্রতিবাদ করার পর থেকেই তাঁকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়।

প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়েও সলমনের মন্তব্যেরও প্রতিবাদ করেন সোনা

২০১৯ সালেও ফের একবার সলমনের বিরুদ্ধে সরব হয়েছিলেন সোনা। তাঁর কথায়, ‘২০১৯ সালে আবার যখন তিনি প্রিয়াঙ্কা চোপড়ার মতো একজন সফল মহিলার তাঁর ছবি ছেড়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে মজা করেছিলেন, তখনও আমি তাঁর বিরুদ্ধে কথা বলেছিলাম। হ্যাঁ-হ্যাঁ, নিজের জামা খুলে নিজেকে 'মসিহা' প্রমাণ করার চেষ্টা আমাকে একদমই প্রভাবিত করে না। ২০১৯ সালে আরও বেশি হুমকি পেয়েছিলাম এবং বছরের পর বছর ধরে মানুষ আমাকে সহানুভূতি দেখিয়ে বলেছেন যে সোনা আপনি এত প্রতিভাবান, সলমন খানের সঙ্গে ঝামেলা না করলে ভাবুন তো আপনার কেরিয়ার আজ কোথায় থাকত?’

‘তেরি সেক্সি বিউটি’ গানটি নিয়ে কী বললেন সোনা মহাপাত্র?

এরপরেই সোনা ভিডিওতে সলমনের ‘তেরি সেক্সি বিউটি’ গানটির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘আমি আমার ইনস্টাগ্রাম খুললাম আর অ্যালগরিদম আমাকে মিস্টার খানের মাস্টারপিস দেখাল, যা এমন একটি ছবির গান যা নাকি আমাদের সৈনিকদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত, আর সেখানে আমাদের সুপারস্টার দু’পেগ মদ খাওয়া এবং উড়োজাহাজ হয়ে যাওয়া নিয়ে গান গাইছেন।’ সোনা জানান, এই গানটি শুনে হঠাৎ করেই তাঁর সেই সব সহানুভূতির কথা মনে পড়ে যায় যা তাঁকে দেওয়া হয়েছিল।

সোনা আরও বলেন, ‘আর হঠাৎ করেই আমার সেই সহানুভূতির কথাগুলো মনে পড়ে গেল। এটাই কি সেই সৃজনশীল দুনিয়া যা আমি হারিয়েছিলাম? আমি যদি এই ধরনের আরও দশটা গান গাইতাম, তবে কি আমার জীবন সার্থক হয়ে যেত? গত ১০ বছরের দিকে তাকালে আমি নিশ্চিত নই যে আসলে কার কেরিয়ারের সেই সহানুভূতির প্রয়োজন।' এই ভিডিয়োর শেষে সোনা নিজের সাফল্যের খতিয়ানও তুলে ধরেছেন।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks