...
...
Next Story

হড়পা বানে তছনছ নেপাল, পাশে বলিউডের ‘মসিহা’! ত্রাণ নিয়ে পৌঁছলেন সোনু সুদ

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতে এবার সরাসরি সেখানে পৌঁছে গেলেন বলিউড অভিনেতা সোনু সুদ। সঙ্গে নিয়ে গিয়েছেন কম্বল, খাবার-সহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী। শুধু তা-ই নয়, আগামী কয়েক মাসও দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিনেতা।

Published on: Sep 2, 2026, 09:44:50 IST
Advertisement

নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর এবার দুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা সোনু সুদ। নিজের চ্যারিটি ফাউন্ডেশনের টিমকে সঙ্গে নিয়ে নেপালে পৌঁছে গিয়েছেন অভিনেতা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের জীবন ফের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

নেপালে সাহায্য নিয়ে পৌঁছলেন সোনু সুদ।
নেপালে সাহায্য নিয়ে পৌঁছলেন সোনু সুদ।

ত্রাণসামগ্রী নিয়ে নেপালে সোনু

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সোনু সুদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করতেই তাঁরা নেপালে এসেছেন। তাঁদের হাতে কম্বল ও খাবার-সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

অভিনেতার কথায়, শুধু এই মুহূর্তের ত্রাণেই থেমে থাকতে চান না তাঁরা। আগামী কয়েক মাসও নেপালের দুর্গত মানুষদের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে তাঁর ফাউন্ডেশন। ভারত থেকে নেপালে ত্রাণসামগ্রী নিয়ে আসার ক্ষেত্রে বেশ কিছু কাগজপত্র ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলেও জানান তিনি।

‘সকলেরই নিজের মতো করে সাহায্য করা উচিত’

সোনু আরও বলেন, এই কঠিন সময়ে প্রত্যেকেরই নিজের সামর্থ্য অনুযায়ী দুর্গতদের সাহায্য করা উচিত। ইতিমধ্যেই তাঁর দল কম্বল ও খাবার নিয়ে পৌঁছেছে। পাশাপাশি স্থানীয় মানুষের কাছ থেকেও তাঁদের প্রয়োজনের কথা জানতে চাইছেন তাঁরা। সেই অনুযায়ী পরবর্তী সময়ে আরও প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে।

২৬ অগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ ধস, পাথর ও বরফের বিশাল স্রোত থেকে ভয়াবহ বন্যা তৈরি হয়। নেপালের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ৩১ অগস্ট পর্যন্ত নেপালে ৯৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৯২৫ জন নিখোঁজ ছিলেন। নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশিও রয়েছেন। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে।

এই ভয়াবহ বিপর্যয়ের পর নেপালের দুর্গত মানুষের পাশে একাধিক সংস্থা সাহায্যের হাত বাড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল সোনু সুদের চ্যারিটি ফাউন্ডেশনও। অভিনেতার লক্ষ্য, তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি আগামী দিনগুলিতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করে তাঁদের জীবন ফের স্বাভাবিক করে তোলার চেষ্টা করা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe