...
...
Next Story

‘এটা যদি ক্রিকেট ম্যাচ হত, তাহলে কি এরকম পক্ষপাতিত্ব মেনে নিতেন?’, বিগ বস বাংলা নিয়ে সৌরভকে খোলা চিঠি শ্রীলেখার

বিগ বস বাংলা-র প্রথম থেকেই রাজবীর দে-র সমর্থনে গলা ফাটিয়েছেন শ্রীলেখা মিত্র। এরই মাঝে ভাইরাল অভিনেত্রীর একটি পোস্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছেন তিনি।

Published on: Nov 24, 2026, 14:00:47 IST
Advertisement

বিগ বস বাংলা-য় সঞ্চালনার দায়িত্ব হাতে আসার পর থেকেই, প্রবল ট্রোলের মুখে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর উপর কখনো জীতু, কখনো রাজবীরকে পক্ষপাতিত্ব করার দায় চেপেছে। এমনকী, সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর প্রোফাইল থেকে নাম না করে এমন একটি পোস্ট করেন, যা দেখে অনেকেরই ধারনা হয়, উইকেন্ডে রাজবীরকে বকাঝকা করার কারণে, যে ট্রোলের মুখে পড়েছেন তিনি, পরোক্ষভাবে তাঁরই জবাব দিয়েছেন। এরই মাঝে ভাইরাল শ্রীলেখার একটি পোস্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সৌরভকে খোলা চিঠি শ্রীলেখার।
সৌরভকে খোলা চিঠি শ্রীলেখার।

সৌরভের প্রতি নিজের ভালোলাগা জাহির করে শ্রীলেখা তাঁর চিঠির শুরুতে লেখেন, ‘একটা গোটা প্রজন্ম আপনাকে দেখে বড় হয়েছে, আপনাকে আদর্শ মেনেছে। ভারতীয় ক্রিকেট দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আপনার সাহস, আগ্রাসী মনোভাব এবং নিজের অবস্থানে অবিচল থাকার ক্ষমতা আপনাকে শুধু বাঙালিদের নয়, গোটা দেশের মানুষের কাছে আইকন করে তুলেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে আপনার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক স্তরেও। আপনি প্রতিষ্ঠিত, অত্যন্ত সফল, শিক্ষিত এবং আর্থিকভাবে স্বচ্ছল একজন মানুষ। ভারতীয় ক্রিকেটে আপনার অবদানের জন্যই ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন। আপনার জীবন অবলম্বনে একটি ছবিও মুক্তির অপেক্ষায়, যার পরিচালনায় রয়েছেন আমার অন্যতম প্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।’

তবে এরপরই সৌরভের কাছে শ্রীলেখার প্রশ্ন, ‘একটা প্রশ্ন সত্যিই মনে জাগে, আপনার কি আদৌ বিগ বস সঞ্চালনা করার প্রয়োজন ছিল?’ আর শ্রীলেখার মনে এই প্রশ্ন জাগার কারণ হল রাজবীর দে-র সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথোপকথন। তিনি লিখেছেন, ‘কথাটা যথেষ্ট হতাশা থেকেই বলছি। কারণ, এই মরশুমে শোয়ের প্রতিযোগী রাজবীর দে-র সঙ্গে আপনি যেভাবে আচরণ করছেন, তা কোনওভাবেই কাম্য নয়। আপনার মতো ব্যক্তিত্বের কাছ থেকে এমন আচরণ একেবারেই প্রত্যাশিত নয়। আমি বুঝি, আপনি বিনোদন জগতের মানুষ নন। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিসেবে আপনার জনপ্রিয়তা আপনাকে বিজ্ঞাপনের দুনিয়ায় অন্যতম চাহিদাসম্পন্ন মুখ করে তুলেছিল। এমন কোনও ক্ষেত্র নেই, যেখানে আপনি বিজ্ঞাপনের মুখ হননি। ক্রিকেটের মাঠের বাইরেও আপনার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বহুদূর। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে দায়িত্বও আসে। একসময় আমিও আপনার অনুরাগী ছিলাম। আপনাকে নিয়ে সত্যিই গর্ববোধ করতাম। কিন্তু আরজি কর আন্দোলন চলাকালীন আপনার অবস্থান আমাকে গভীরভাবে হতাশ করেছিল। আর এখন বিগ বসের সঞ্চালক হিসেবে আপনার আচরণ সেই হতাশা আরও বাড়িয়ে দিয়েছে।’

সঙ্গে সৌরভের উদ্দেশে শ্রীলেখার প্রশ্ন, ‘একজন সঞ্চালক হিসেবে কোনও বিষয়ে মন্তব্য করার আগে তার সম্পূর্ণ প্রেক্ষাপট বোঝার দায়িত্ব আপনার রয়েছে। সত্যিই চাই, দর্শকরা যেভাবে এই শো দেখেন, আপনিও যেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠানটি দেখেন। কারণ, তা না হলে এই মরশুম ক্রমশ একপেশে এবং পক্ষপাতদুষ্ট বলেই মনে হচ্ছে। আর আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এটা যদি ক্রিকেট ম্যাচ হত, তাহলে কি কোনও খেলোয়াড়ের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম প্রয়োগ করা কিংবা কাউকে বিশেষ সুবিধা দেওয়া মেনে নিতেন? কোনও ধারাভাষ্যকার কিংবা আম্পায়ার যদি নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের প্রতি প্রকাশ্য পক্ষপাতিত্ব দেখাতেন, আপনি কি সেটা মেনে নিতেন?’

শ্রীলেখা তাঁর পোস্টের শেষে লেখেন, ‘পাশাপাশি বিগ বসের নির্মাতাদের কাছেও আমার একটা অনুরোধ রয়েছে। দয়া করে বিষয়গুলোতে নজর দিন। দর্শকরা সব দেখছেন। কী হচ্ছে, তা নিয়ে আমরা মোটেও অজ্ঞ নই। কোথায় অন্যায় হচ্ছে, কোথায় বেছে বেছে সমালোচনা করা হচ্ছে এবং কোথায় নিরপেক্ষতার অভাব রয়েছে, তা বোঝার মতো বুদ্ধি দর্শকদের রয়েছে। রাজবীর দে-কে তার প্রকৃত পারফরম্যান্সের ভিত্তিতেই বিচার করা উচিত। আগে থেকে তৈরি কোনও ধারণা বা পক্ষপাতের নিরিখে নয়। যে খেলায় সকলের জন্য নিয়ম সমান নয়, সেই খেলার কোনও মূল্য থাকে না। আর যে সঞ্চালক নিরপেক্ষতা বজায় রাখতে পারেন না, তাঁর প্রতি সম্মানও ধরে রাখা কঠিন।’

 

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks