ভোটের দামামা বেজে গিয়েছে বঙ্গে। বিগত বছরখানেক ধরেই বিজেপি ও তৃণমূলে ভোটের টিকিট পেতে দেখা গিয়েছে হেভি ওয়েট তারকাদের। বলা ভালো, গোটা রাজ্যের মানুষই অধীরে অপেক্ষা করে থাকেন ‘এবারে নতুন কে’ জানতে! ইতিমধ্যেই যেমন কোয়েল মল্লিকের নাম ঘোষণ হয়েছে। তৃণমূল তাঁকে রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন, তারপর রঞ্জিত-কন্যাকে দেখা যাবে ঘাসফুল দলের সাংসদ হিসেবে। এরই মাঝে, আরও এক তারকার নাম নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। তিনি হলেন গায়িকা ইমন চক্রবর্তী। এমনকী খবর যে, উত্তরপাড়ায় তৃণমূলের টিকিট পেতে চলেছেন ইমন। দল এবারে আর ভোটে দাঁড় করাচ্ছে না এতদিন এই আসনে বিধায়ক হিসেবে কাজ করা কাঞ্চন মল্লিককে।

আর সেই খবর সামনে আসার পর থেকেই, নিন্দুকদের মত, ব্যক্তিগত জীবনে যে বিতর্কের মুখোমুখি হয়েছেন কাঞ্চন, সেই কারণেই তাঁকে আর এবারে ভোটে দাঁড় করাতে রাজি নয় দল। তা সে তাঁর শ্রীময়ীর সঙ্গে তৃতীয় বিয়ে হোক, ৬ লাখের হাসপতালের বিল সন্তান কৃষভি জন্মের সময়, বা আরজি কর আন্দোলন নিয়ে তাঁর আলটপকা মন্তব্য। বারবার বিতর্কে জর্জরিত তিনি। আর এই কারণেই নাকি ‘বাদ’ কাঞ্চন!
যদিও দেখা গেল, বিতর্কের রেশ পড়েনি তাঁর ব্যক্তিগত জীবনে। অভিনেতা-বিধায়কের বউ শ্রীময়ীর শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, খাদ্যরসিক কাঞ্চনের মন মজেছে শুটকি ভর্তায়। কাঞ্চনের জন্য বেশ তেল-ঝাল দিয়ে যা রান্না করেছেন শ্রীময়ী খোদ। আর চেটেপুটেই তা উদরস্থ করছেন অভিনেতা।
এদিকে, ভোট বিতর্কে ইতিমধ্যেই মুখ খুলেছেন কাঞ্চন। তাঁর সাফ জবাব, ‘কাঞ্চন মল্লিক প্রথমবারও টিকিট পাওয়ার জন্য তদবির করেনি। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুরোধেই এই পদক্ষেপ নিয়েছিলাম’! অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কোনো ব্যক্তির সম্পত্তি নয়। তাই দল বা শীর্ষ নেতৃত্ব তাঁর বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন, তিনি মাথা পেতে তা মেনে নেবেন।
বিধানসভা ভোটে জয়লাভ করেছিলেন যখন কাঞ্চন, তখন তিনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের স্বামী। আর এর মাসখানেক পরই থানা-পুলিশ করে চরমে ওঠে বিতর্ক। এমনকী, স্বামীর উপর মানসিক-শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন পিঙ্কি। এমনকী শ্রীময়ীর সঙ্গে ‘পরকীয়া’র অভিযোগও। তারপর ৫ বছরে গঙ্গা দিয়ে বহু জল গড়ায়। ডিভোর্স হয় কাঞ্চন-পিঙ্কির, খোরপোশ দেন ৫৬ লাখ। আর ডিভোর্স হওয়ার একমাসের ভিতরেই, শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে। আর বিয়ের সাড়ে ৮ মাসের মধ্যে জন্ম মেয়ে কৃষভির।