দেশু ৭-এর মুক্তির আগে প্রোমোশনচলাকালীন দেব ও শুভশ্রীর ঘনিষ্ঠতা নিয়ে অনেকরকম কথা রটেছিল। এমনকী, এমনও কানাঘুষো তৈরি হয়েছিল যে, রাজ ও শুভশ্রীর বিয়েও নাকি ভাঙতে বসেছে। তবে সে জল্পনায় তাঁরা জল ঢেলেছেন আগেই। আর এবার শাশুড়িমায়ের সঙ্গে এমন এক মিষ্টি ছবি দিলেন অভিনেত্রী, যা কেড়ে নিল নেটপাড়ার মন।

ঠাকুর বরণ করে আসার পর শাশুড়িমায়ের সঙ্গে ছবিখানা তুলেছেন শুভশ্রী। ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন দুজনে। লাল পাড়ের সাদা শাড়িতে সেজেছেন শুভশ্রী। খোলা চুল, গা ভরা সোনার গয়না। সিঁথিতে, গালে লাগানো রয়েছে সিঁদুর। পরের ছবিগুলি সিঁদুর খেলার সময়কার। তবে এই পোস্টের সবথেকে বড় আকর্ষণ রাজের মায়ের সঙ্গে শুভশ্রীর কেমিস্ট্রি।
একজন মন্তব্য করলেন, ‘সব বাড়িতেই সম্পর্কগুলো যেন এরকম মধুর হয়’। আরেকজন লেখেন, ‘কী মিষ্টি! চোখ ফেরাতে পারছি না’। আরেকজন লেখেন, ‘কী মিষ্টি এই ছবিখানা’। চতুর্থজন লেখেন, ‘সব শাশুড়ি আর বউমা এভাবেই একে-অপরকে ভালোবাসুক। তাহলেই সংসার ভাঙার এত খবর সামনে আসবে না।’ অন্য কমেন্টে লেখা, ‘শুভশ্রীদিকে যত দেখি ততই যেন অবাক হই। কীভাবে শ্বশুরবাড়ির সবার সঙ্গে মানিয়ে-গুছিয়ে থাকে, এত বড় অভিনেত্রী হওয়ার পরেও।’
২০১৮ সালে বিয়ে করেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের পর থেকেই আরবানার বহুতলে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকেন তিনি। যদিও করোনা চলাকালীন, প্রথম সন্তান জন্মানোর আগেই মৃত্যু হয় শ্বশুরমশাইয়ের। তবে শুধু শুভশ্রীই আগলে রাখেন না শ্বশুরবাড়ির লোকেদের, রাজের মা-ও একইভাবে ভালোবাসেন বউমাকে। এমনকী, বিয়ের পর থেকে শুভশ্রী রান্নাঘরে ঢুকুক সেটাও একেবারেই পছন্দ নয় তাঁর। সকালের বেড টি অবধি হাজির হয়ে যায় মুখের সামনে।