Subhrojit Saha: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’ সিরিয়ালের শুটিং চলাকালীন আচমকা পায়ে চোট পান শুভ্রজিৎ সাহা। প্রথমদিকে চোট নিয়ে করছিলেন কাজ কিন্তু পরবর্তীকালে যন্ত্রণা বেড়ে যাওয়ায় ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। এই মুহূর্তে শুভ্রজিৎ সাহার বদলে অভিনয় করছেন সায়ন বসু।

পায়ে প্লাস্টার বাঁধা অবস্থাতেই চলতি বছর জামাই ষষ্ঠী খেয়েছিলেন শুভ্রজিৎ। কিন্তু এবার তিনি অনেকটাই সুস্থ। খুব সম্প্রতি পায়ের প্লাস্টার কাটা হয়েছে। নতুন করে নিজের পায়ে দাঁড়াতে পেয়ে বেজায় আনন্দিত অভিনেতা। এই আনন্দের খবরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
লেকের ধারে হাসিমুখে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করে শুভজিৎ লেখেন, ‘কিছু জয় হাততালির সঙ্গে আসে না। কিছু জয় আসে নীরবে। আবার নিজের পায়ে দাঁড়াতে পারার মধ্যে যে আনন্দ তা অন্য কিছুর মধ্যে। অবশেষে প্লাস্টার খুলে দেওয়া হয়েছে, যদিও সেরে উঠতে এখনো অনেকটা সময় বাকি। কিন্তু এই মাইলফলকটি একটি ছোট্ট উদযাপনের দাবি রাখে আর তাই আবার ব্যস্ত হয়ে ওঠার আগে পরিবারের সঙ্গে একটি ছোট্ট ট্রিপে যাচ্ছি ছুটি কাটাতে। সকলের কাছে কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে শুভ্রজিৎ সাহার পরিবর্তে সায়ন বসুকে দেখে একেবারেই মেনে নিতে পারেননি দর্শকরা। ভীষণভাবে কটাক্ষের সম্মুখীন হন সায়ন। সহকর্মীর পাশে দাঁড়িয়ে শুভ্রজিৎ তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের উদ্দেশে বার্তা দেন, নতুন অভিনেতাকে সুযোগ দেওয়া হোক। একজনকে একটি চরিত্রে দেখে অভ্যস্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু যখন অন্য কেউ পরিশ্রম করছে তখন সেই পরিশ্রমের মূল্য দেওয়াটাই উচিত।