ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। এবার তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সুরাটের একটি আদালত। গত বছর সোশ্যাল মিডিয়ায় ব্রাহ্মণ সম্প্রদায় সম্পর্কে তাঁর করা কথিত আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করেই এই মামলা। আদালতের একাধিক সমন সত্ত্বেও হাজিরা না দেওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জে ভি চৌহান অনুরাগের বিরুদ্ধে এই জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন। অভিযোগকারী আইনজীবী কমলেশ রাওয়ালের বক্তব্য, আদালতে হাজির হওয়ার জন্য একাধিকবার সমন পাঠানো হয়েছিল পরিচালককে। এমনকি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের পরেও তিনি আদালতে উপস্থিত হননি।
কোন কোন ধারায় মামলা?
চলতি বছরের মে মাসে একটি আবেদনের ভিত্তিতে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩৫২ এবং ৩৫২(২) ধারায় মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল আদালত। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান এবং মিথ্যা গুজব ছড়ানোর মতো অভিযোগ এই ধারাগুলির আওতায় পড়ে। আইনজীবী কমলেশ রাওয়াল আদালতে এই আবেদন জানিয়েছিলেন। তিনি কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের আইনি উপদেষ্টাও।
কীভাবে শুরু বিতর্ক?
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ এপ্রিল সমাজমাধ্যম এক্স-এ একটি বিতর্কিত পোস্ট করেছিলেন অনুরাগ। ব্রাহ্মণ সম্প্রদায় নিয়ে তাঁর মন্তব্যে আপত্তি জানান আদিত্য নামের এক নেটিজেন। পাল্টা জবাব দিতে গিয়ে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে অনুরাগ প্রশ্ন করেন, ব্রাহ্মণ হয়ে তিনি কী অর্জন করেছেন? এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। পরে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন অভিযোগকারী।
সমন পেয়েও আদালতে হাজিরা নয়
{{/usCountry}}সমন পেয়েও আদালতে হাজিরা নয়
{{/usCountry}}অভিযোগকারী আইনজীবীর দাবি, প্রথমে অনুরাগের উপস্থিতিতে অভিযোগের সত্যতা যাচাইয়ের আবেদন করা হয়েছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় ফের সমন পাঠানো হয়। তাতেও সাড়া মেলেনি। এরপর সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত। সেই পদক্ষেপের পরেও অনুরাগ আদালতে উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানার ক্ষেত্রে নির্ধারিত জামিনের অর্থ জমা দিয়ে আইনি প্রক্রিয়ায় মুক্তি পাওয়ার সুযোগ থাকে।