গুহার দেবী আচমকা এলেন মন্দিরে, বিশ্বাস-সন্দেহের দোলাচলে তৈরি ‘শ্বেতকালী’২-এর গল্প
জি৫ বাংলায় মুক্তি পেয়েছিল শ্বেতকালী, যা দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। রাজবাড়ীর মা কালীর সঙ্গে লুকিয়ে থাকা রহস্যের কিনারা করেছিল বাড়ির বউ উর্ভি। এবার আবার নতুন রহস্যের কিনারা করবে সে।
জি৫ বাংলায় মুক্তি পেয়েছিল শ্বেতকালী, যা দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। রাজবাড়ীর মা কালীর সঙ্গে লুকিয়ে থাকা রহস্যের কিনারা করেছিল বাড়ির বউ উর্ভি। এবার আবার নতুন রহস্যের কিনারা করবে সে। কিন্তু নেপথ্যে রয়েছেন সেই মা কালী, তবে এবার আর শ্বেতকালী নয়, এবারের রহস্য জড়িয়ে রয়েছে গুহ কালীর সঙ্গে।
বিশ্বাস-সন্দেহের দোলাচলে তৈরি ‘শ্বেতকালী’২র গল্প
শ্বেতকালী সিরিজের দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী ২৩ অক্টোবর। জি ফাইভ বাংলার পর্দাতেই দর্শকরা দেখতে পাবেন এই সিরিজের দ্বিতীয় অংশ। তবে এবারের রহস্য আরো অনেক জটিল, রহস্যের কিনারা করতে বলে দিতে হবে একের পর এক প্রাণ।
‘শ্বেতকালী ২’ সিরিজের যে টিজার মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, মেঘ ঝুড়ি গ্রামের এক লুকিয়ে থাকা অভিশাপকে ঘিরে তৈরি হবে এই গল্প। লোককথা অনুযায়ী, প্রত্যেক ভূত চতুর্দশীর রাতে দেবী গুহকালী তাঁর ডাকিনীকে পাঠান গর্ভবতী নারীদের গর্ভস্থ সন্তান হরণ করার জন্য।
কিন্তু যে দেবীকে গোপনে পুজো করা হতো গুহার মধ্যে, তাকে হঠাৎ করে কীভাবে বাড়ির মন্দিরে স্থাপন করা হলো তা নিয়ে রয়েছে অনেক রহস্য। গুহকালীর কোন আদেশ না মানায় বাড়ির প্রত্যেক সদস্যদের ওপর নেমে আসে অভিশাপের ছায়া? জানা যাবে এই সিরিজে।
এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা সেন। অভিনয় করতে দেখা যাবে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ, রাজদীপ গুপ্ত, গীতশ্রী রায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। সানি ঘোষ রায় পরিচালিত এই সিরিজ দর্শকরা দেখতে পাবেন আগামী ২৩ অক্টোবর থেকে শুধুমাত্র জি ফাইভ বাংলার পর্দায়।
কিছুদিন আগেই এই সিরিজের সাফল্য কামনায় ঐন্দ্রিলা সেনকে কালীঘাট মন্দিরে পুজো দিতে দেখা যায়। এছাড়াও ছবির টিজার মুক্তির দিন ছবির প্রচার করতে দেখা যায় ঐন্দ্রিলাকে। তবে টিজার দেখেই যতটা মুগ্ধ হয়েছেন দর্শকরা, আগামী দিনে ট্রেলার এলে সেই উন্মাদনা যে আরও কিছুটা বাড়বে তা বলাই বাহুল্য।
Home/Entertainment/গুহার দেবী আচমকা এলেন মন্দিরে, বিশ্বাস-সন্দেহের দোলাচলে তৈরি ‘শ্বেতকালী’২-এর গল্প