Zubeen Garg: বড় পর্দায় আসছে জুবিন গর্গের জীবনকাহিনি, থাকছে গায়কেরই গাওয়া অপ্রকাশিত দুটি গান

Zubeen Garg: ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আয়োজিত একটি কনসার্টে যোগ দিতে গিয়েছিলেন জুবিন গর্গ। কিন্তু সেখানে জুবিনের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় অসম সহ গোটা ভারতবর্ষ।

Published on: Jun 27, 2026, 16:02:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Zubeen Garg: ২০২৫ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে আয়োজিত একটি কনসার্টে যোগ দিতে গিয়েছিলেন জুবিন গর্গ। কিন্তু সেখানে জুবিনের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় অসম সহ গোটা ভারতবর্ষ। জুবিনের মৃত্যুর তদন্ত একদিকে চলছে, অন্যদিকে জুবিনের পরিবারসহ অসম সরকার একাধিক পদক্ষেপ করেছেন প্রয়াত সঙ্গীত শিল্পীকে সম্মান জানানোর উদ্দেশ্যে। এবার জুবিন গর্গর জীবনকে নিয়ে তৈরি হতে চলেছে একটি মিউজিকাল ড্রামা।

বড় পর্দায় আসছে জুবিন গর্গের জীবনকাহিনি
বড় পর্দায় আসছে জুবিন গর্গের জীবনকাহিনি

ছবিটির পরিচালনা, চিত্রনাট্য এবং সংগীত পরিচালনার দায়িত্ব রয়েছেন শ্রী প্রীতম। ছবিটি প্রযোজনা করছেন এমডি ফারুক উদ্দিন। ছবির নাম ‘লাভ ইউ জুবিনদা’। এই ছবিটি তৈরি হতে চলেছে এক সংগ্রামী গায়ককে কেন্দ্র করে, যে ছোটবেলা থেকে জুবিনের বিশাল বড় ফ্যান।

গল্পটা অনেকটা এরকম, একজন গায়ক যে কিনা বহুবার চেষ্টা করেও জুবিনের সঙ্গে দেখা করতে পারে না। কিন্তু নিজেকে কখনো আটকে রাখেনি সে। অদম্য ইচ্ছে শক্তি এবং পরিশ্রমের মাধ্যমে সে একদিন পৌঁছে যায় নিজের প্রিয় তারকার কাছাকাছি। কিন্তু যখনই সুখ দোরগোড়ায় এসে দাঁড়ায়, ঠিক তখনই তার জীবনে ঘটে যায় একটা অপ্রত্যাশিত ঘটনা।

আরও পড়ুন: ২৬ বছর পর বাংলায় অনুপম! নতুন সরকারের কাছে কী আর্জি জানালেন অভিনেতা?

একদিকে স্বপ্ন পূরণ, অন্যদিকে জীবনের কঠিন পরিস্থিতি সবকিছু মিলিয়ে চলতে থাকে ছবির গল্প। তবে এই ছবির গল্প শুধু মানুষকে আকর্ষণ করবে তা নয়, এই ছবির মাধ্যমে জুবিনের গাওয়া দুটি অপ্রত্যাশিত গান প্রথম প্রকাশ্যে নিয়ে আসবেন পরিচালক। খুব স্বাভাবিকভাবেই এই গানের মাধ্যমেই দর্শকদের আরও কিছুটা বেঁধে রাখার চেষ্টা করবেন পরিচালক।

এই মিউজিকাল ড্রামা তৈরি নিয়ে শ্রী প্রীতম বলেন, ‘২০২১ সাল থেকে মিউজিক ডিরেক্টর হিসেবে জুবিনদার সঙ্গে বহুবার বহু গান করার সৌভাগ্য হয়েছে। ওঁকে কাছ থেকে চেনার সুযোগ পেয়েছি আমি। সেই শ্রদ্ধা এবং ভালোবাসাকে বুকে নিয়েই এই ছবিটি তৈরি করার চিন্তাভাবনা এসেছে মনে।’

তবে ছবিটি তৈরি করার আগে জুবিনের স্ত্রী গরিমার থেকে অনুমতি নিয়েছেন পরিচালক। এরপর প্রযোজককে গল্প শোনানোর পর তিনি এক কথায় রাজি হয়ে যান। তারপরেই শুরু হয় ছবি তৈরির কাজ। তবে এই সিনেমাটি আরও একটি কারণে বিশেষ, এই ছবির মাধ্যমেই প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বর্ষা সেনগুপ্ত।

আরও পড়ুন: শুটিং ফ্লোরে আহত সোমা! কেমন আছেন ‘অন্নপূর্ণা’? কী হয়েছে অভিনেত্রীর?

বর্ষা ছবির পরিকল্পনা থেকে চিত্রনাট্য লেখা সবকিছুর সঙ্গেই যুক্ত ছিলেন। খুব স্বাভাবিকভাবেই এমন একটি ছবিতে যুক্ত হতে পেরে তিনি ভীষণ খুশি। অন্যদিকে ছবির নায়ক ইকবাল রহিমিও জুবিনের মতো একজন বিশাল বড় তারকাকে নিয়ে তৈরি হওয়া সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত বোধ করছেন।

এই সিনেমায় বর্ষা এবং ইকবাল ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলি রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদৈলে, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত। এই ছবির প্রথম পোস্টার লঞ্চ হবে অসমের গুয়াহাটিতে, সম্পূর্ণ সহযোগিতা করবেন জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গ।