টলিউড গড়ল নতুন ইতিহাস, ক্যামেরার আড়ালে থাকা ব্যক্তিদের সম্মান দিল ফেডারেশন
একটি সিনেমা অথবা সিরিয়াল তৈরি করতে গেলে শুধু অভিনেতা অভিনেত্রী বা পরিচালক থাকলেই হয় না, সেই প্রজেক্টকে বাস্তবায়িত করার জন্য ক্যামেরার পেছনে পরিশ্রম করেন কয়েকশ মানুষ।
একটি সিনেমা অথবা সিরিয়াল তৈরি করতে গেলে শুধু অভিনেতা অভিনেত্রী বা পরিচালক থাকলেই হয় না, সেই প্রজেক্টকে বাস্তবায়িত করার জন্য ক্যামেরার পেছনে পরিশ্রম করেন কয়েকশ মানুষ। ক্যামেরার সামনে থাকা মানুষদের দর্শকরা চেনেন এবং ভালোবাসেন কিন্তু ক্যামেরার পেছনে যে ব্যক্তিরা থাকেন তাদের পরিশ্রম ছাড়া তারকা তৈরি অসম্ভব। আর তাই এবার ক্যামেরার পেছনে থাকা সেই মানুষদের সম্মানিত করল ফেডারেশন।

রবিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর টালিগঞ্জ স্টুডিও পাড়ায় আয়োজিত হয়েছিল ফেডারেশন উৎকর্ষ সম্মান ২০২৪। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্যোগে প্রথমবার এই অভাবনীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু বাংলা বিনোদন দুনিয়ায় নয়, ভারতে এই প্রথম এইভাবে প্রত্যেক কলাকুশলীদের সম্মানিত করা হল।
আরও পড়ুন: জুবিনের কনসার্টে চরম বিশৃঙ্খলা, গান শুনতে এসে আহত একাধিক
এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ ২৭ টি গিল্ডের বিভিন্ন কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেন। এই গিল্ডের মধ্যে রয়েছে বহু কর্মী, যাদের অবদান এই টলিউড ইন্ডাস্ট্রিতে অসামান্য। যারা দিনের পর দিন কাজ করে যান কিন্তু লাইমলাইটে আসার সুযোগ পান না তাদের প্রথম ক্যামেরার সামনে আসার সুযোগ করে দিল ফেডারেশন।
অনুষ্ঠান শুরু হয়েছিল টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে। অনুষ্ঠানে স্বরূপ বিশ্বাস ছাড়া উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, নীলাঞ্জনা শর্মা, অর্ঘ্য কমল মিত্র, জয়চন্দ্র এবং সুজিত হাজরা, অঙ্কুশ, ঐন্দ্রিলা, জুন মালিয়া সহ আরও অনেকে।
এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘এমন একটি অসাধারণ উদ্যোগের জন্য অশেষ ধন্যবাদ জানাই ফেডারেশনকে। আজ পর্যন্ত প্রায় পাঁচশোর কাছাকাছি সিনেমায় অভিনয় করেছি আমি, এই মানুষগুলো না থাকলে আমি অভিনেতা হয়ে উঠতে পারতাম না। শুধু আমি কেন, কেউই এই মানুষগুলো ছাড়া কাজ করতে পারত না।’
আরও পড়ুন: ‘বর্ষা’ এখন অতীত, স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগেই প্রেমে মজলেন পর্দার ‘বুবলাই’
প্রসেনজিৎ আরও বলেন, ‘এই উদ্যেগ অনেক আগে নেওয়া উচিত ছিল কিন্তু নেওয়া হয়নি। কিন্তু এখন যে নেওয়া হয়েছে তাতেই আমি ভীষণ খুশি। এই মানুষগুলোকে সম্মানিত করার জন্য স্বরূপ এগিয়ে এসেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই ওঁকে। এই অনুষ্ঠান ওই সবাইকে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে বলে আমি মনে করি।’
ফেডারেশনের সম্মান নিয়ে দেব বলেন, ‘একটি সিনেমা কখনও টেকনিশিয়ান ছাড়া তৈরি হওয়া সম্ভব নয়। একজন হিরো কখনও একা কাজ করতে পারে না। ক্যামেরার পেছনে যারা থাকেন তারাই আসল মানুষ, কিন্তু তাদেরকে কেউ চেনেন না। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এমন আয়োজন আগে কোথাও হয়নি, বাংলাই প্রথম এমন পদক্ষেপ নিল।’












