একটা অবিশ্বাস শেষ করে দিল জীবন, দুই বন্ধুর কোন গল্প বলবে ‘দুটি চাকা’?

একটি মিথ্যা অভিযোগ কি চিরতরে বদলে দিতে পারে একটি শিশুর জীবন? কখনও কখনও অপরাধের চেয়েও ভয়ংকর হয়ে ওঠে সমাজের অবিশ্বাস, আর সেই অবিশ্বাসের আঘাতেই ভেঙে পড়ে শৈশবের নিষ্পাপ পৃথিবী।

Published on: Oct 10, 2026, 22:30:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

একটি মিথ্যা অভিযোগ কি চিরতরে বদলে দিতে পারে একটি শিশুর জীবন? কখনও কখনও অপরাধের চেয়েও ভয়ংকর হয়ে ওঠে সমাজের অবিশ্বাস, আর সেই অবিশ্বাসের আঘাতেই ভেঙে পড়ে শৈশবের নিষ্পাপ পৃথিবী। বাস্তব জীবনের একটি ঘটনার অনুপ্রেরণায় নবাগত চলচ্চিত্র পরিচালক রূপক কুমারের বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দুটি চাকা’ (Two Wheels) তুলে ধরেছে বন্ধুত্ব, শৈশবের সারল্য, সামাজিক অবিচার এবং অপূরণীয় ক্ষতের এক মর্মস্পর্শী আখ্যান।

দুই বন্ধুর কোন গল্প বলবে ‘দুটি চাকা’?
দুই বন্ধুর কোন গল্প বলবে ‘দুটি চাকা’?

রূপক কুমারের রচনা, পরিচালনা ও প্রযোজনায় নির্মিত ছবিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ১৫তম দিল্লি শর্টস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ। গ্রামবাংলার প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের মূল সুরে রয়েছে এক গভীর সামাজিক বার্তা, যা দর্শককে ভাবতে বাধ্য করে।

আরও পড়ুন: 'দেব যদি পরিচালনা করে, আমি নায়ক হতে রাজি', ‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

গল্প প্রসঙ্গে

গ্রামবাংলার মেঠোপথ, ধুলোমাখা বিকেল আর ছোট ছোট স্বপ্নকে ঘিরে আবর্তিত হয়েছে আট বছরের দুই বন্ধু গোপাল ও বাবলুর জীবন। সাইকেলের পুরোনো চাকা গড়িয়ে গ্রামের পথে ছুটে বেড়ানো, সামান্য জিনিসের মধ্যেই আনন্দ খুঁজে নেওয়া আর গল্পে শোনা দূরের কলকাতাকে ঘিরে স্বপ্ন বোনা এই নিয়েই তাদের ছোট্ট পৃথিবী। অভাবের মধ্যেও বন্ধুত্বের উষ্ণতায় তাদের প্রতিটি দিন হয়ে ওঠে রঙিন। কিন্তু সেই নির্ভেজাল শৈশবেই নেমে আসে অপ্রত্যাশিত অন্ধকার। ফেলে দেওয়া একটি চিপসের প্যাকেট চুরির মিথ্যা অভিযোগ ওঠে গোপালের বিরুদ্ধে। আপাতদৃষ্টিতে তুচ্ছ একটি ভুল বোঝাবুঝি ক্রমশ রূপ নেয় প্রকাশ্য অপমানে। সত্যকে ছাপিয়ে বড় হয়ে ওঠে সন্দেহ, আর সমাজের নির্মম বিচার গভীর আঘাত হানে এক শিশুর আত্মসম্মান ও কোমল মনে।

চেনা গল্প বলার গণ্ডি পেরিয়ে ‘দুটি চাকা’ তুলে ধরেছে শিশুদের সংবেদনশীল মনোজগতের এক বাস্তব প্রতিচ্ছবি।অতিনাটকীয়তা কিংবা চিরাচরিত খলচরিত্রের আশ্রয় না নিয়ে ছবিটি প্রশ্ন তুলেছে সমাজের দৃষ্টিভঙ্গি ও মানবিকতার অভাব নিয়ে। গোপালের চরিত্রে অভিনয় করেছেন রণিত দিন্দা এবং বাবলুর চরিত্রে সপ্তাংশু বক্সী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মলয় সরকার, সৌরমিতা রায়, ঐন্দ্রিলা চট্টোপাধ্যায় এবং শুভজিৎ এ দাস। ছবির চিত্রগ্রহণে অনিন্দ্য চট্টোপাধ্যায়, সংগীত পরিচালনায় অলিভ ঘোষ এবং শব্দ পরিকল্পনায় অনীশ বসু। দৃশ্য, সংগীত ও শব্দের সংবেদনশীল মেলবন্ধনে গল্পের আবেগ এবং গ্রামীণ জীবনের বাস্তবতা পেয়েছে এক স্বতন্ত্র মাত্রা।

আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে

১৫তম দিল্লি শর্টস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ ‘দুটি চাকা’র আনুষ্ঠানিক নির্বাচন নবাগত পরিচালক রূপক কুমারের চলচ্চিত্রযাত্রায় এক উল্লেখযোগ্য মাইলফলক। গ্রামবাংলার মাটিতে শিকড় ছড়ানো এই গল্প ভৌগোলিক সীমানা অতিক্রম করে তুলে ধরেছে এক সর্বজনীন সত্য শিশুমনের অসহায়তা এবং সমাজের দ্রুত বিচার করে ফেলার প্রবণতা। বন্ধুত্ব ও হারিয়ে যাওয়া শৈশবের গল্পের আড়ালে ‘দুটি চাকা’ আসলে সমাজের সামনে তুলে ধরে এক অস্বস্তিকর আয়না, যেখানে একটি সামান্য অভিযোগও হয়ে উঠতে পারে গভীরতম ক্ষতের কারণ। কারণ, কখনও কখনও সবচেয়ে বেদনাদায়ক গল্পটি কোনও শিশুর শৈশব হারানোর নয়, বরং সেই শৈশবকে আগলে রাখতে বড়দের ব্যর্থতার।