স্টুডিওর আলো, ক্যামেরা আর অ্যাকশনের ব্যস্ততার মাঝে হঠাতই একঝলক টাটকা বাতাস। বর্তমানে টিআরপি টপার মেগা সিরিয়াল ‘পরিণীতা’-র সেটে তখন টানটান উত্তেজনা। নায়ক উদয় প্রতাপ সিং ব্যস্ত নিজের শট দিতে। ঠিক সেই মুহূর্তেই সেখানে উদয়কে চমকে দিতে হাজির স্ত্রী অনামিকা চক্রবর্তী। তবে অনামিকা একা নন, তাঁর কোলে সওয়ার হয়ে সেটে এল বাড়ির আদুরে সদস্য ‘বেলা’।

অনস্ক্রিন জোকার, অফস্ক্রিন বাবা:
এদিন শ্যুটিংয়ের প্রয়োজনে উদয়কে সাজতে হয়েছিল জোকার। মুখে মেকআপ আর রঙিন পোশাকে তখন তিনি পুরোদস্তুর চরিত্রের গভীরে। কিন্তু শট শেষ হতেই অনামিকার কোলে চারপেয়ে ‘কন্যা’ বেলাকে দেখেই আর নিজেকে ধরে রাখতে পারলেন না অভিনেতা। ল্যাজ নেড়ে আহ্লাদে আটখানা বেলাও তড়তড়িয়ে উঠে এল বাবার কোলে। মেকআপ লাগানো বাবার কোলে বেলার সেই আদুরে মুহূর্ত মুহূর্তেই ক্যামেরাবন্দি হয়ে গেল।
বেলাকে ঘিরেই অনামিকার জগত:
অনামিকার এখন সারাদিন কাটে বেলাকে সামলাতে। নিজের সন্তানস্নেহে তাকে বড় করে তুলছেন অভিনেত্রী। অন্যদিকে উদয় তাঁর নতুন ধারাবাহিকের সাফল্য নিয়ে দারুণ ব্যস্ত। তবে কাজের চাপে যাতে বাড়ির সদস্যদের সাথে দূরত্ব তৈরি না হয়, তাই মাঝেমধ্যেই বেলাকে নিয়ে সেটে পৌঁছে যান অনামিকা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুহূর্ত:
সেটের এই মিষ্টি মুহূর্তের ছবি ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করেছে। পর্দার নায়ক যখন বাস্তবে তাঁর পোষ্য কন্যার প্রতি ভালোবাসা উজাড় করে দেন, তখন সেই দৃশ্য দেখে অনুরাগীরাও মুগ্ধ। ‘পরিণীতা’-র সেটে বেলার এই আকস্মিক সফর যেন শ্যুটিংয়ের ক্লান্তি এক লহমায় দূর করে দিল।
উদয়-অনামিকার বিচ্ছেদ জল্পনা ও অনামিকার জবাব
মাস কয়েক আগে উদয়-অনামিকার বিচ্ছেদ জল্পনায় কার্যত মাথায় হাত পড়েছিল ভক্তদের। সে সব এখন অতীত। এই সব রটনা নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘লোকে আমার ডেপথ বুঝতে পারছে না। লোকে যা বলছে বলুক। ওদের যদি মনে হয় লিখুক— আমার বিয়ে ভাঙছে! আমি জানি সত্যিটা কী।’
এখানে আকাশ নীলের হিয়া হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অনামিকা। তারপর সেভাবে আর লাইমলাইটে আসেননি। মিঠিঝোরা ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ওজন বাড়ায় আর কাজের ডাক পান না, এমন আফসোস শোনা গিয়েছে অনামিকার মুখে।