গত মার্চ মাসে একটি বিয়ের অনুষ্ঠানে ‘স্ত্রী ও দাম্পত্য’ নিয়ে রসিকতা করে সমাজমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। নেটিজেনদের একাংশ তাঁর সেই মন্তব্যকে ‘নারীবিদ্বেষী’ বলে দাগিয়ে দিতেও ছাড়েননি। এবার সেই বিতর্ক ও ট্রোলিং নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা। ‘দ্য নড ম্যাগাজিন’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভিকি স্পষ্ট জানিয়েছেন, তারকা হলেই যে কাউকে সবসময় নিখুঁত হতে হবে, এমন কোনো কথা নেই।

ঠিক কী ঘটেছিল?
মার্চ মাসে সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে বরের বাবার সঙ্গে কথা বলছেন ভিকি। একপর্যায়ে তিনি বরকে উদ্দেশ্য করে তাঁর ‘উরি’ ছবির বিখ্যাত সংলাপ ‘হাউজ দ্য জোশ?’ আওড়াতে বলেন। উপস্থিত অতিথিরা সমস্বরে ‘হাই, স্যার’ বলে উঠতেই ভিকি ফোড়ন কেটে বলেন, 'আমি খেয়াল করেছি অবিবাহিতদের জোশ সবসময় হাই থাকে। আমাদের মতো বিবাহিতদের জোশ বছরের পর বছর কমতে থাকে। তবে চিন্তার কিছু নেই, ৪ দিনে জোশ কমে না।'
ভিকির এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। অনেকেই অভিনেতাকে ‘রেড ফ্ল্যাগ’ বলে আখ্যা দেন। এক নেটিজেন মন্তব্য করেন, “আজকের প্রজন্ম যখন এই ধরনের নারীবিদ্বেষী রসিকতা এবং বাঁধাধরা মানসিকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন ভিকির মতো মানুষের থেকে এমনটা আশা করা যায় না।” অন্য এক অনুরাগী ক্ষোভ উগরে দিয়ে লেখেন, 'ভীষণ বিরক্তিকর। ভাবতাম উনি একজন আদর্শ স্বামী, এবার সেই ভুল ভাঙল।'
কটাক্ষের জবাবে কী বললেন ভিকি?
{{/usCountry}}কটাক্ষের জবাবে কী বললেন ভিকি?
{{/usCountry}}সমালোচনার জবাবে ভিকি জানান, মানুষ তাঁকে কীভাবে মূল্যায়ন করবে, তার ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। অভিনেতার কথায়—'আপনি একজন পাবলিক ফিগার বলেই যে আপনাকে সবসময় পারফেক্ট হতে হবে, এমন কোনো নিয়ম নেই। মাঝে মাঝে আমাদের সমালোচনা পাওয়াই উচিত। এর থেকে আমার বড় শিক্ষা হলো— মানুষ আমাকে যতটা ভালোবাসা দেন, তার সঙ্গে একটা বড় দায়িত্বও আসে।'
তিনি আরও যোগ করেন, ‘এমন কোনো অভিনেতা নেই যিনি খ্যাতি পেয়েছেন অথচ তার উল্টো দিকটা (সমালোচনা) দেখেননি। আমি সচেতনভাবেই এই পেশা বেছে নিয়েছি। এখন এই খ্যাতি আমি কীভাবে সামলাব, তা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করছে। আর সমালোচনা যদি গঠনমূলক হয়, তবে তা থেকে অবশ্যই শেখা উচিত।’
ক্যাটরিনার সঙ্গে দাম্পত্য ও আগামী ছবি
প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ধুমধাম করে ক্যাটরিনা কাইফের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক গোপন রাখার পর বিয়ে করেন এই তারকা জুটি। গত ২০২৫ সালে তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান ‘বিহান’।
পেশাগত জীবনের কথা বলতে গেলে, ভিকিকে আগামীতে দেখা যাবে সঞ্জয় লীলা ভন্সালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। এই বিগ বাজেট ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রোমান্টিক ঘরানার এই ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা থাকলেও, বর্তমানে এর কাজ বাকি থাকায় মুক্তির তারিখ পিছিয়েছে ২০২৭-এর জানুয়ারিতে।