...
...
Next Story

'টাকা নয়…', দীর্ঘদিন শয্যাশায়ী-অবসাদগ্রস্ত শাহরুখের ‘জোশ’ সহ-অভিনেতা, শরদের কী আবেদন বলিউডের কাছে?

অবসাদে ভুগছেন গত দু-বছর ধরে। হাতে টাকা নেই। বলিউডের কাছে কাজ চাইলেন শরদ কাপুর। বন্ধু জানালেন, ‘পরিবার যোগাযোগ রাখে না। উনি কাজ করতে চাইছেন’।

Published on: Nov 16, 2026, 10:12:07 IST
Advertisement

শাহরুখ খান ও ঐশ্বর্য রাই বচ্চনের ‘জোশ’ ছবির সেই দাপুটে খলনায়ক ‘প্রকাশ শর্মা’র কথা মনে আছে? রুপোলি পর্দার সেই চেনা মুখ শরদ কাপুর আজ চরম জীবনসংগ্রামের মুখোমুখি। দীর্ঘ শারীরিক অসুস্থতা এবং মানসিক অবসাদের জেরে গত কয়েক বছর ধরে অভিনয় জগৎ থেকে সম্পূর্ণ দূরে রয়েছেন তিনি। সম্প্রতি নিজের চারটি পোষ্য কুকুরকে একটি পশুকল্যাণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শিরোনামে ছিলেন অভিনেতা। আর এ বার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা পোস্ট করে বলিউডের সহকর্মী ও চলচ্চিত্র জগতের কাছে ফের কাজের সুযোগ দেওয়ার আবেদন জানালেন ৫০ বছর বয়সি এই অভিনেতা।

'টাকা নয়…', দীর্ঘদিন শয্যাশায়ী-অবসাদগ্রস্ত শাহরুখের ‘জোশ’ সহ-অভিনেতা, শরদের কী আবেদন বলিউডের কাছে?
'টাকা নয়…', দীর্ঘদিন শয্যাশায়ী-অবসাদগ্রস্ত শাহরুখের ‘জোশ’ সহ-অভিনেতা, শরদের কী আবেদন বলিউডের কাছে?

রবিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ওই ভিডিওতে নিজের কঠিন সময়ের কথা অকপটে তুলে ধরেন শরদ। জানান, গত দু’-তিন বছর ধরে তিনি কার্যত শয্যাশায়ী। তবে তিনি যে কোনো আর্থিক সাহায্য বা দান চাইছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘যখন কেউ বিনা দোষে আপনার ওপর দোষারোপ করে, তখন স্বাভাবিকভাবেই খুব কষ্ট হয়। আমি অবসাদে চলে গিয়েছিলাম। কারও সঙ্গে দেখা করতে বা কাজ করতে ইচ্ছে করত না।’ ২০২৪ সালে এক অভিনেত্রী ও প্রযোজকের আনা যৌন হেনস্থার অভিযোগের দিকেই যে তিনি ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট। যদিও সেই অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন শরদ।

নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিনেতা আরও বলেন, ‘তবে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি। চলচ্চিত্র জগতের কাছে আমার আবেদন, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার যে আর্থিক সংকট রয়েছে, আমি কাজ করেই তা কাটিয়ে উঠতে চাই। সিন্টা (CINTAA)-র কাছেও আমার অনুরোধ, আমি ভালো কাজের খোঁজ করছি। টাকাটা বড় বিষয় নয়, আমি একজন ভালো অভিনেতা এবং আপনারা তা জানেন। আমি শুধু আবার কাজ শুরু করতে চাই।’ পরিবারও যে এখন কেবল মাঝেমধ্যে ফোনেই তাঁর খোঁজ নেয়, সে আক্ষেপও শোনা গিয়েছে তাঁর গলায়।

শরদের এই আবেদনে ইতিমধ্যেই সাড়া দিয়েছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত সমস্ত প্রযোজক, পরিচালক, কাস্টিং ডিরেক্টর এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে আর্জি জানিয়েছেন যাতে শরদকে ফের কাজের সুযোগ দেওয়া হয়। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘শরদ কাপুরের বয়স মাত্র ৫০, অভিনেতা হিসেবে তাঁর এখনও অনেক কিছু দেওয়ার আছে। উনি আমাদের চলচ্চিত্র পরিবারেরই সদস্য, আর বিপদের দিনে পরিবার মুখ ফিরিয়ে নিতে পারে না।’’

১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শরদ কাপুর। পরবর্তীতে ‘লক্ষ্য’, ‘এলওসি: কার্গিল’, ‘জয় হো’-এর মতো ছবিতে কাজ করলেও ২০০০ সালের ‘জোশ’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছিলেন তিনি। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ২০১৯ সালের ‘ক্যাবারে’ ছবিতে। দীর্ঘ বিরতির পর বলিউড কি ফের এই অভিনেতাকে আপন করে নেবে? এখন সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks