...
...
Next Story

Mimi Chakraborty: 'ভাবছি, ওর বিয়ে হয়ে গেলে আমার কী হবে!’ ডিসেম্বরে মিমির বিয়ে, তবে কার বিয়ের ভাবনায় ভীত নায়িকা?

Published on: Nov 13, 2026, 17:31:00 IST
Advertisement

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী-র সারাক্ষণের ছায়াসঙ্গী তিনি। নাম বুল্টি। খাতায়-কলমে তিনি অভিনেত্রীর হাউস হেল্প বা সহায়িকা হলেও, মিমির জীবনে তাঁর জায়গা ঠিক পরিবারের সদস্যের মতোই। শুটিং ফ্লোর থেকে শুরু করে দূরের কোনো অনুষ্ঠান— মায়ের মতোই মিমিকে আগলে রাখেন তিনি।

'ভাবছি, ওর বিয়ে হয়ে গেলে আমার কী হবে!’ ডিসেম্বরে মিমির বিয়ে, তবে কার বিয়ের ভাবনায় ভীত নায়িকা?
'ভাবছি, ওর বিয়ে হয়ে গেলে আমার কী হবে!’ ডিসেম্বরে মিমির বিয়ে, তবে কার বিয়ের ভাবনায় ভীত নায়িকা?

সম্প্রতি বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন মিমি। আর সেই মঞ্চে দাঁড়িয়েই নিজের প্রিয় বুল্টিকে নিয়ে আবেগঘন হয়ে পড়লেন নায়িকা। কারণ, সেদিন ছিল বুল্টির জন্মদিন! ডিসেম্বরে মিমির নিজের বিয়ের গুঞ্জনের মাঝেই মঞ্চে দাঁড়িয়ে মিমি জানালেন, বুল্টির বিয়ে হয়ে গেলে তাঁর কী হবে, সেই চিন্তাই এখন তাঁকে ভাবাচ্ছে!

‘জামা থেকে কানের দুল— সব ও গুছিয়ে দেয়’:

মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের সামনে বুল্টির প্রতি নিজের নির্ভরতার কথা অকপটে স্বীকার করেন মিমি। তিনি জানান, তাঁর প্রতিদিনের জীবনযাপন থেকে শুরু করে কাজের প্রতিটি খুঁটিনাটি সামলান বুল্টিই। মিমির কথায়, ‘শুটিং থেকে শুরু করে এই যে আজকের শো-তে এসেছি— আমার জামাটাও ও গুছিয়ে দিয়েছে, কানের দুলটাও ও গুছিয়ে দিয়েছে। আমি শুধু ভাবছি, ওর বিয়ে হয়ে গেলে আমার কী হবে!’

এরপরই মঞ্চে উপস্থিত হাজারো দর্শককে সঙ্গে নিয়ে বুল্টির জন্মদিন উদযাপন করেন মিমি। সবার সাথে গলা মিলিয়ে ‘হ্যাপি বার্থডে ডিয়ার বুল্টি’ গান গেয়ে, হাততালির মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তোলেন অভিনেত্রী।

বুল্টি কীভাবে মিমির জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেন, সেই পুরোনো স্মৃতিও মঞ্চে ভাগ করে নেন নায়িকা। মিমি জানান, শুরুর দিকে তিনি বুল্টিকে নিজের বাড়িতে এসে থাকার কথা বললে বুল্টি জানিয়েছিলেন যে ভেবে জানাবেন। কিন্তু এরপর প্রায় দু’মাস তাঁর আর কোনো খোঁজ ছিল না। মিমি ভেবেছিলেন বুল্টি হয়তো আর আসবেন না।

সেই সময়ের কথা স্মরণ করে মিমি বলেন, ‘তখন আমি ভাড়া বাড়িতে থাকতাম, বাড়ি বদলেছি। আমার বড় পোষ্য ‘চিকু’ তখন ছোট্ট ছিল (এখন সে আর নেই)। হঠাৎ একদিন কলিং বেল বাজল। মা এসে বললেন, ‘একটা বাচ্চা মেয়ে এসেছে, তুই চিনিস? বলছে নাম বুল্টি।’ আমি বললাম হ্যাঁ চিনি, ওকে আসতে বলো। হঠাৎ দেখলাম আমার ছোট্ট বেবিটাকে (চিকু) কোলে নিয়ে ও বলল, ‘দিদি আমার না চিকেন পক্স হয়েছিল, তাই আসতে পারিনি। কিন্তু আজ থেকে আমি এখানেই থাকব, তোমার সাথেই থাকব।’ আর ভগবানের দয়ায় আজ আমাদের একসঙ্গে ১৫ বছর হয়ে গেছে।’

মায়ের মতো আগলে রাখা প্রিয়জন:

গত দেড় দশক ধরে মিমির সুখ-দুঃখ, ব্যস্ততা আর একাকিত্বের সাক্ষী বুল্টি। মিমির পোষ্যদের দেখভাল করা থেকে শুরু করে অভিনেত্রীর সমস্ত প্রয়োজন নিঃশব্দে সামলে চলেছেন তিনি। তাই ডিসেম্বরে নিজের জীবনের নতুন অধ্যায় শুরুর আগে, সারাক্ষণের এই সঙ্গীর বিয়ের চিন্তাই যে মিমিকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে, বারাবনির মঞ্চে দাঁড়িয়ে তা আরও একবার স্পষ্ট করে দিলেন টলিপাড়ার এই প্রথম সারির নায়িকা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks