...
...
Next Story

‘দাদার পরিবর্তে আরেকজন দাদা খোঁজা উদ্দেশ্য ছিল না’! দাদাগিরিতে সৌরভের পরিবর্তে কেন নেওয়া হল দেবকে, জানালেন পরিচালক

ইতিমধ্যেই দাদাগিরি সিজন ১১-র ২৩টি এপিসোড সম্প্রচারিত হয়েছে। সৌরভ ছাড়ার পর নতুন ফরম্যাটে সাজানো হয় শো-টি। দাদাগিরির পরিচালক অভিজিৎ সেনের কাছে প্রশ্ন করা হয়, দাদাগিরি-র সঞ্চালনা করলে সৌরভের পরিবর্তে দেব কেন?

Published on: Sep 26, 2026, 12:37:24 IST
Advertisement

নতুন ভাবে জি বাংলায় শুরু হয়েছে দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায় ছেড়ে যাওয়ার পর প্রায় বছর দেড়েক বন্ধ ছিল এই শো। এমনকী, দাদাগিরির ভবিষ্যত নিয়েও যখন উঠেছিল প্রশ্ন, তখন এসে হাল ধরেন দেব। সোশ্যাল মিডিয়ায় প্রথমে অনেকেই ট্রোল করেছিলেন। বাংলা উচ্চারণ নিয়ে যার সমস্যা সে কীভাবে দাদাগিরির মতো শো সামলাবে, এমন প্রশ্নও উঠেছিল দর্শক মনে! তবে অভিনেতা প্রমাণ করেছেন, কেন তিনি বাংলার সুপারস্টার। নিজের খামতিগুলোকে ঢেকে রাখার চেষ্টাই করেননি। বরং নিদের উচ্চারণ নিয়ে হওয়া মস্করায় নিজেই হেসেছেন, তাও আবার স্টেজে দাঁড়িয়ে। বরাবরই দেব তাঁর ভক্তদের কাছে ঘরের ছেলে। আর দাদাগিরি-র সঞ্চালনার দায়িত্ব কাঁধে আসার পর, তা যেন আরও একবার প্রমাণিত হয়েছে।

দেব-দাদাগিরি।
দেব-দাদাগিরি।

সম্প্রতি দাদাগিরির পরিচালক অভিজিৎ সেনের কাছে প্রশ্ন করা হয়, দাদাগিরি-র সঞ্চালনা করলে সৌরভের পরিবর্তে দেব কেন? আর এর জবাবে অভিজিৎ স্পষ্ট করে দেন যে, দাদার পরিবর্তে একজন দাদার খোঁজ কোনোদিনই করেননি তাঁরা। বরং এমন একজন মানুষকে চেয়েছিলেন যে সকলকে আপন করে নিতে পারবে। যার সঙ্গে দর্শকরা একাত্ম বোধ করবে। আর সেটাই হয়েছে।

অভিজিৎ আনন্দবাজারকে বলেন, ‘আসলে দেবকে না সবাই ভালোবাসে। ফলে 'দেব না', বা অনেকগুলো অপশনের মধ্যে দেব, এটা ছিল না। আমরা দাদার পরিবর্তে একজন দাদা কখনোই চাইনি। আমরা এমন একজনকে চেয়েছি যাকে সবাই ভালোবাসে। এবং যে সবাইকে আপন করে নিতে পারে। ফলে দাদার পরিবর্তে একজন দাদা খোঁজা আমাদের উদ্দেশ্য ছিল না। দাদার পরিবর্তে এমন একজন মানুষ আমাদের প্রয়োজন ছিল যে সবাইকে নিয়ে এগোবে। যে সবার সাথে থাকবে। যে সবাইকে ভালোবাসবে এবং দাদাগিরির এই শো-কে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এবং সেটা দেব সফলভাবে করে চলেছে।’

খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর দীর্ঘদিনের শো দাদাগিরি ছেড়েছিলেন জি বাংলার সঙ্গে পারিশ্রমিক সংক্রান্ত মত পার্থক্যের কারণে। দাদাকে এখন দেখা যাচ্ছে স্টার জলসায় বিগ বস বাংলায়। এই চ্যানেলে একটি গেম শো করারও কথা রয়েছে মহারাজের। অন্য দিকে, দাদাগিরির পাশাপাশি দেব ব্যস্ত তাঁর ‘দেশু ৭’ ছবি নিয়ে। যা ২০২৬ সালের পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে। সঙ্গে মুক্তি আটকে রয়েছে তাঁর বাইক অ্য়াম্বুলেন্স দাদা-র। যা ১৫ অগস্ট মুক্তির কথা থাকলেও, তা পিছিয়ে দেওয়া হয়।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks