অন্যান্য রোগের তুলনায় ডায়াবিটিস এক জটিল মারণরোগ। এই এক রোগই ডেকে আনতে পারে আরও কয়েকটি অঙ্গের গুরুতর রোগকে। তেমনই ডায়াবিটিসের জন্য বিপদে রয়েছে রোগীর হৃৎপিন্ডও।

ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবিটিসের জন্য রক্তে কোলেস্টেরলের বাড়বাড়ন্ত হয়। ডায়াবিটিস কবজায় না থাকলে কোলেস্টেরলের পরিমাণও কব্জায় থাকে না। এর ফলে রক্তে বাড়তে থাকে কোলেস্টেরলের পরিমাণ। তবে কোলেস্টেরল ভালো ও খারাপ দুই রকমই হয়। খারাপ কোলেস্টেরল বাড়লেই বিপদ হৃৎপিণ্ডের। বিশেষজ্ঞদের কথায়, এই খারাপ কোলেস্টেরল রক্তের মধ্যে থেকে থিতিয়ে পড়তে থাকে। ধমনীর মধ্যে থিতিয়ে পড়তে পড়তে একসময় সরু হয়ে যায় রক্তনালি। তখনই বাড়ে বিপদ।
রক্ত সঞ্চালন বাধা পেয়ে হার্ট আ্যাটাকের মতো গুরুতর দুর্ঘটনা ঘটে যায়। হাত, পা ও মস্তিষ্কে রক্ত বয়ে নিয়ে চলা ধমনীতেই এমনটা হয়। ফলে পরিস্থিতি যথেষ্ট গুরুতর হয়। চিকিৎসকের কথায়, ডায়াবিটিস থাকলে অর্ধেক হার্ট অ্যাটাকের সময় কোনও লক্ষণই দেখা যায় না। এর ফলে রোগী আগে থেকে কোনও সতর্কতাও নিতে পারেন না। তাই ডায়াবিটিস থাকলে শর্করা সবসময় নিয়ন্ত্রণে রাখুন।