...
...
Next Story

কলকাতার মঞ্চে ভারত, কোরিয়া ও শ্রীলঙ্কার প্রাচীন মুখোশ নৃত্যের মিলনমেলা: রবীন্দ্রনাথের স্মৃতি ও লোককথার উৎসব

International Mask Dance Festival 2026: কলকাতার মঞ্চে ভারত, কোরিয়া ও শ্রীলঙ্কার প্রাচীন মুখোশ নৃত্যের মিলনমেলার আয়োজন করা হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিও উঠে এসেছে। উদযাপন করা হচ্ছে লোককথার উৎসব।

Published on: Nov 20, 2026, 08:59:47 IST
By
Prefer HTon Google
Advertisement

সাধারণ মানুষের সুখ-দুঃখ থেকে প্রাচীন লোককথা—এই সবকিছুর মেলবন্ধনে কলকাতায় চলছে দুই দিনের বিশেষ মুখোশ নৃত্য উৎসব। ইউনেস্কো, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র উদ্যোগ দফতর এবং কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী মুখোশ নৃত্যশৈলী একই মঞ্চে তুলে ধরে বিভিন্ন দেশের লোকসংস্কৃতির গভীর যোগসূত্রকে সামনে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বাংলার ছৌ-গম্ভীরা ও সাংস্কৃতিক সেতুবন্ধন

কলকাতায় মুখোশ নৃত্য উৎসব হচ্ছে। (ছবি সৌজন্যে UNESCO)
কলকাতায় মুখোশ নৃত্য উৎসব হচ্ছে। (ছবি সৌজন্যে UNESCO)

ভারতের দিক থেকে বাংলার ছৌ ও গম্ভীরা নৃত্যের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক লোকনৃত্যশৈলী দর্শকদের সামনে আসে। পুরুলিয়ার ছৌ নৃত্য ইউনেস্কোর স্বীকৃতি পেলেও গ্রামীণ শিল্পীদের বাস্তব পরিস্থিতিতে কতটা পরিবর্তন এসেছে এবং নতুন প্রজন্মকে ধরে রাখার চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েও শিল্পী মহলে আলোচনা রয়েছে। অন্যদিকে, দিনাজপুরের গম্ভীরা বা মুখোশ নৃত্যের মতো বাংলার নিজস্ব ঐতিহ্যবাহী ধারাগুলোকে বৃহত্তর মঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই আয়োজন নতুন দিশা দেখাচ্ছে।

শ্রীলঙ্কার কোলাম নৃত্য ও রবীন্দ্রনাথের স্মৃতিচারণ

উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শ্রীলঙ্কার মাহা আম্বালাঙ্গোডার বিখ্যাত তুক্কা ওয়াদু কোলাম নৃত্যশৈলী। তুক্কা ওয়াদু পরিবারের হাত ধরে গড়ে ওঠা প্রায় ৩০০ বছরের পুরনো এই শিল্পরীতির বিশেষত্ব হল হাতে তৈরি নিখুঁত কাঠের মুখোশ। এর মধ্যে কিছু মুখোশের উচ্চতা সাড়ে চার ফুটেরও বেশি।

এই নৃত্যধারার ঐতিহ্যবাহী ধারক ও পরিবারের ষষ্ঠ প্রজন্মের সদস্য তুক্কা ওয়াদু হরিশ্চন্দ্রের কাছে কলকাতার মঞ্চে পরিবেশনা ছিল অত্যন্ত আবেগঘন। ছোটবেলা থেকেই তিনি বাবার মুখে শুনেছেন ১৯৩৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীলঙ্কা সফরের কথা। সেই সফরে কবিগুরু প্রথমে কলম্বোতে গিয়ে তাঁর ‘শাপমোচন’ নৃত্যনাট্য মঞ্চস্থ করেছিলেন এবং পরে আম্বালাঙ্গোডায় তাঁদের গ্রামে গেলে তাঁর সামনে কোলাম নৃত্য পরিবেশিত হয়েছিল। রবীন্দ্রনাথের নামাঙ্কিত অডিটোরিয়ামে পারফর্ম করার পর হরিশ্চন্দ্র জানান, তাঁর কাছে যেন জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ হল।

উৎসবের আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল দক্ষিণ কোরিয়ার হায়েসিও তালচুম, যার ইতিহাস এক হাজার বছরেরও বেশি পুরনো। ৭০ বছর বয়সি শিল্পী লি জং হো'র নেতৃত্বে কোরিয়ার দলটি এই শিল্পরীতি তুলে ধরে। হায়েসিও তালচুমের পরিবেশনায় নৃত্য, সঙ্গীত একসঙ্গে মিশে থাকে।

লি জং হো জানান, এই নৃত্যধারার উৎপত্তি বর্তমান উত্তর কোরিয়ার হায়েসিও অঞ্চলে হলেও বর্তমানে দক্ষিণ কোরিয়ায় এটি সংরক্ষিত ও চর্চিত হচ্ছে এবং কোরিয়ার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত। তবে নতুন প্রজন্মের মধ্যে এই প্রাচীন শিল্পের জনপ্রিয়তা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, এই নৃত্য আয়ত্ত করতে দীর্ঘ অনুশীলন ও কঠোর শৃঙ্খলার প্রয়োজন হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে প্রতিবাদের ভাষা ও ধরনও বদলে গিয়েছে। তবুও তিনি জোর দিয়ে বলেন, এই শিল্পগুলো কেবল বিনোদন নয়, বরং সমাজের ইতিহাস ও পরিবর্তনের দলিল—তাই এগুলো সংরক্ষণ করা জরুরি।

 
SHARE THIS ARTICLE ON