...
...
Next Story

Lung Awareness Camp for Traffic Police: ট্র্যাফিক পুলিশকর্মীদের ফুসফুসের রোগের আশঙ্কা, বিশেষ শিবিরের আয়োজন বিধাননগরে

Lung Awareness Camp for Traffic Police: রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শহরের রাজপথে দাঁড়িয়ে যাঁরা প্রতিদিন শহরকে স্বাভাবিক ছন্দে রাখেন, সেই পুলিশকর্মীদের ফুসফুসের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি থেকেই যায়। সেজন্য বিশেষ স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হল।

Published on: Nov 22, 2026, 15:24:09 IST
Advertisement

Lung Awareness Camp for Traffic Police: রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শহরের রাজপথে দাঁড়িয়ে যাঁরা প্রতিদিন শহরকে স্বাভাবিক ছন্দে রাখেন, সেই পুলিশকর্মীদের ফুসফুসের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি থেকেই যায়। দীর্ঘ সময় ধরে যানবাহনের বিষাক্ত ধোঁয়া, ধুলোবালি এবং ক্রমবর্ধমান বায়ুদূষণের সংস্পর্শে থাকার ফলে তাঁদের শ্বাসযন্ত্রে জটিল রোগ বাসা বাঁধার আশঙ্কা থাকে। তাঁধের সুস্থ রাখতে এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)-এর মতো রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বাঁধল বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশকর্মীদের জন্য একটি বিশেষ ফুসফুসের স্বাস্থ্য ও প্রতিরোধমূলক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। আগামিদিনে কলকাতা ও বিধাননগর জুড়ে এই ধরনের আরও শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।

বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক পুলিশের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির।
বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক পুলিশের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির।

বিশেষজ্ঞদের বক্তব্য, কর্মক্ষেত্রে দীর্ঘ সময় বাইরে থাকার কারণে পুলিশকর্মীরা অজান্তেই মারাত্মক বায়ুদূষণের শিকার হন। অনেক সময় প্রাথমিক পর্যায়ে শ্বাসকষ্ট বা কাশির মতো উপসর্গ দেখা দিলেও কাজের চাপে বা সাধারণ সমস্যা ভেবে তাঁরা তা এড়িয়ে যান। অথচ সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে তা দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগে পরিণত হতে পারে। এই শিবিরে বক্ষরোগ বিশেষজ্ঞদের পরামর্শের পাশাপাশি পুলিশকর্মীদের পালমোনারি ফাংশন টেস্ট (PFT), র‍্যান্ডম ব্লাড সুগার (RBS), রক্তচাপ, উচ্চতা এবং ওজন পরীক্ষা করা হয়। মণিপাল হাসপাতালের ইএম বাইপাস এবং সল্টলেক ইউনিটের পালমোনোলজিস্টরা অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং COPD প্রতিরোধ ও ফুসফুস ভালো রাখার জরুরি পরামর্শ দেন।

ওই হাসপাতালের সল্টলেক ক্লাস্টার ও ইএম বাইপাসের পালমোনোলজি বিভাগের প্রধান দেবরাজ যশ এবং ইএম বাইপাসের কনসালট্যান্ট অর্ণব বেরা জানান, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট, শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ বা অস্বাভাবিক ক্লান্তিকে কখনোই মরসুমি সংক্রমণ ভেবে অবহেলা করা উচিত নয়। যাঁরা সমাজকে সুরক্ষিত রাখেন, তাঁদের সুস্থতা নিশ্চিত করাও জনস্বাস্থ্যের অন্যতম অগ্রাধিকার হওয়া প্রয়োজন।

 
SHARE THIS ARTICLE ON