...
...
Next Story

4 Dead in Encounter: পুলিশ-দুষ্কৃতী এনকাউন্টারে চলল ৬০ রাউন্ড গুলি; নিহত ৪, আহত ৩ পুলিশকর্মী

প্রায় ৬০ রাউন্ড গুলি চলার পর পুলিশের অভিযানে নিহত হয় চার দুষ্কৃতী। আহত হয় আরও এক অভিযুক্ত। অন্যদিকে, গুলিবিদ্ধ হন গুরুগ্রাম পুলিশের তিন কর্মীও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Published on: Jul 10, 2026, 10:42:56 IST
Advertisement

4 Dead in Gurugram Encounter: হরিয়ানার গুরুগ্রামে বৃহস্পতিবার রাতে রীতিমতো সিনেমার দৃশ্যের মতো পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে কেঁপে উঠল শহর। প্রায় ৬০ রাউন্ড গুলি চলার পর পুলিশের অভিযানে নিহত হয় চার দুষ্কৃতী। আহত হয় আরও এক অভিযুক্ত। অন্যদিকে, গুলিবিদ্ধ হন গুরুগ্রাম পুলিশের তিন কর্মীও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সুশান্ত লোক ফেজ-২ এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ।

প্রায় ৬০ রাউন্ড গুলি চলার পর পুলিশের অভিযানে নিহত হয় চার দুষ্কৃতী। (PTI)
প্রায় ৬০ রাউন্ড গুলি চলার পর পুলিশের অভিযানে নিহত হয় চার দুষ্কৃতী। (PTI)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সন্দেহজনক স্করপিও গাড়িতে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী ঘোরাফেরা করছে বলে ক্রাইম ব্রাঞ্চের কাছে গোপন সূত্রে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করে।

গুরুগ্রাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার (ডিসিপি) জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ওই দুষ্কৃতীরা এক ব্যবসায়ীর বাড়ির সামনে গুলি চালায়। তদন্তে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিদেশে বসে থাকা এক কুখ্যাত গ্যাংস্টারের কাছ থেকে মোটা অঙ্কের তোলাবাজির হুমকি পাচ্ছিলেন। পুলিশ মনে করছে, সেই কারণেই তাঁকে টার্গেট করতে এসেছিল দুষ্কৃতীরা।

পুলিশ চারদিক থেকে গাড়িটিকে ঘিরে ফেলে এবং অভিযুক্তদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু আত্মসমর্পণের বদলে দুষ্কৃতীরা পুলিশের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাণ বাঁচাতে এবং অভিযুক্তদের আটক করতে পাল্টা গুলি চালায় পুলিশ। এরপরই শুরু হয় দু'পক্ষের তীব্র গুলির লড়াই। প্রায় ৬০ রাউন্ড গুলি বিনিময়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এনকাউন্টারের পর ঘটনাস্থলে পৌঁছয় সিন অব ক্রাইম ইউনিট, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং তদন্তকারী দলের সদস্যরা। পুরো এলাকা ঘিরে বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত চালানো হয়। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে বিদেশে তৈরি পাঁচটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার হয়েছে। নিহত ও আহত দুষ্কৃতীদের পরিচয়, তাঁদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলার বিবরণ এবং গ্যাংয়ের সঙ্গে তাঁদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে বিদেশে বসে পরিচালিত তোলাবাজি ও অপরাধচক্রের সঙ্গে এই হামলার যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। গুরুগ্রামের এই এনকাউন্টার ফের একবার প্রমাণ করল, সংগঠিত অপরাধচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার হয়েছে এবং বড় ধরনের নাশকতার আগেই হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe