...
...
Next Story

Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে ফুড ভ্লগিং! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, ক্ষুব্ধ নেটিজেনরা

Sonam Wangchuk: গত ২৮ জুন থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে শুরু হওয়া আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। অভিযোগ, নিট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে।

Published on: Jul 15, 2026, 23:37:19 IST
Advertisement

Sonam Wangchuk: নিট-সহ একাধিক সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস ও চরম অনিয়মের অভিযোগে উত্তাল দেশের রাজধানী। দিল্লির যন্তর মন্তরে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন দিন দিন আরও জোরালো হচ্ছে। এই আন্দোলনের সমর্থনে টানা ১৮ দিন ধরে অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাচ্ছেন প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ, বর্তমান পরীক্ষাব্যবস্থার আমূল সংস্কার এবং সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’-র ধর্না মঞ্চে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শামিল হচ্ছেন ছাত্র-যুব, অভিভাবক ও সাধারণ মানুষ। আর ঠিক তখনই সোনম ওয়াংচুকের অনশন মঞ্চ থেকে এক ফুড ভ্লগারের 'খাবারের রিভিউ' ভিডিও সোশ্যাল মিডিয়ায় এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে ফুড ভ্লগিং! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া (YouTube/ANI)
সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে ফুড ভ্লগিং! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া (YouTube/ANI)

আয়ুষ সাপ্রা নামের ওই ভ্লগার দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়া ভলান্টিয়ার ও সমর্থকদের জন্য পরিবেশন করা খাবারের রিভিউ করে এই বিতর্কিত ভিডিওটি তৈরি করেছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়া কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে, আয়ুষ সাপ্রা প্রতিবাদের অনশন মঞ্চের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন খাবার চেখে দেখছেন এবং সেখানে সমবেত মানুষের সঙ্গে কথা বলছেন। এক বাটি ছোলার সবজি হাতে নিয়ে তাঁকে বলতে শোনা যায়, 'এখানে আমাদের কাছে ছোলার সবজি আছে। রুটি শেষ হয়ে গেছে কারণ এর চাহিদা খুব বেশি। এখানে শুধু সোনমজি-ই ক্ষুধার্ত আছেন, বাকি সবাই পেট পুরে খাচ্ছেন।' এখানেই শেষ নয়, ভ্লগার আরও বলেন, তিনি যে সমোসা আর চাটনি খাচ্ছেন, তা দেখিয়ে সোনম ওয়াংচুককে টিজ করতে ইচ্ছে করছে তাঁর।

সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক ও ক্ষোভ

তবে এই তীব্র সমালোচনার বিপরীতে ইউটিউবে আয়ুষের ভ্লগের নিচের কমেন্ট সেকশন কিন্তু সম্পূর্ণ ইতিবাচক। তাঁর ভিউয়ার্সরা এই প্রতিবাদের খবর তুলে ধরার জন্য ভ্লগারের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর এক সমর্থক লিখেছেন, 'ফুড রিভিউ তো আসলে একটা বাহানা, আপনার মূল লক্ষ্য ছিল ছাত্রদের পাশে দাঁড়ানো। আপনি কূটনৈতিকভাবে একটি সফট-ক্রিটিসিজম বা মৃদু সমালোচনার মাধ্যমে বার্তাটি সবার কাছে পৌঁছে দিয়েছেন।' অন্য একজন লিখেছেন, এটি কনটেন্ট হলেও, অন্তত এর মাধ্যমে যন্তর মন্তরের প্রতিবাদটি প্রচার আলোয় আসতে পেরেছে। এই ভিডিওতেই সাপ্রা ‘সিজেপি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গেও কথা বলেন। অভিজিৎ স্পষ্ট জানান, তাঁদের এই লড়াই অত্যন্ত দীর্ঘ হতে চলেছে, কিন্তু দেশের যুবসমাজ নিজেদের অধিকারের জন্য লড়তে সম্পূর্ণ প্রস্তুত।

১৮ দিন অনশনে সোনম ওয়াংচুক

গত ২৮ জুন থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে শুরু হওয়া আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। অভিযোগ, নিট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে। বর্তমানে আন্দোলনের ২৫তম দিন চলছে, আর ওয়াংচুকের অনশন ১৮ দিনে পড়েছে। এদিকে, আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনই সংসদ অভিযানের ডাক দিয়েছে সিজেপি। আন্দোলনকারীদের দাবি, পরীক্ষা পরিচালনায় অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়িত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe