...
...
Next Story

চিনের মহাকাশযানে চড়ে মহাকাশে যাচ্ছেন পাকিস্তানি! ২৫ নভেম্বর ঐতিহাসিক অভিযান

বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর চিনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। চিনের শেনঝৌ মহাকাশযানকে মহাকাশে নিয়ে যাবে লং মার্চ ২এফ রকেট। গোবি মরুভূমিতে অবস্থিত এই উৎক্ষেপণ কেন্দ্র থেকেই অভিযান শুরু হবে।

Published on: Nov 23, 2026, 13:46:44 IST
Advertisement

ভারতের মহাকাশ অভিযানের পথে এবার নতুন প্রতিদ্বন্দ্বী পাকিস্তান! চিনের হাত ধরে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। সব ঠিক থাকলে আগামী ২৫ নভেম্বর চিনের মহাকাশযানে চড়ে মহাকাশের উদ্দেশে রওনা দেবেন পাকিস্তানের এক মহাকাশচারী। চিনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছবেন তিনি। এই অভিযান সফল হলে পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে তৈরি হবে নতুন অধ্যায়। শুধু তাই নয়, চিনের মহাকাশ স্টেশনে এই প্রথম কোনও বিদেশি মহাকাশচারী প্রবেশ করবেন। ফলে চিন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

HT Image
HT Image

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর চিনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। চিনের শেনঝৌ মহাকাশযানকে মহাকাশে নিয়ে যাবে লং মার্চ ২এফ রকেট। গোবি মরুভূমিতে অবস্থিত এই উৎক্ষেপণ কেন্দ্র থেকেই অভিযান শুরু হবে। তবে চূড়ান্ত উৎক্ষেপণের সময় এবং মহাকাশচারীর নাম চিনের মহাকাশ সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল আগেই ২৫ নভেম্বরের সম্ভাব্য তারিখ জানিয়েছিলেন।

এই অভিযানের জন্য দু'জনকে বেছে নিয়েছে পাকিস্তান। তাঁরা হলেন মুহাম্মদ জিশান আলি এবং খুররম দাউদ। দু'জনেই পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে একজন মহাকাশে যাওয়ার সুযোগ পাবেন। অন্যজন থাকবেন বিকল্প প্রার্থী হিসেবে। প্রায় ২০০ জন আবেদনকারীর মধ্যে বাছাই পর্ব পেরিয়ে এই দু'জন চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। ২০২৫ সাল থেকে চিনে শুরু হয়েছে তাঁদের কঠোর প্রশিক্ষণ। মহাকাশযানের প্রযুক্তি, জরুরি পরিস্থিতি সামলানো, শূন্য মাধ্যাকর্ষণে কাজ করা এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁদের। চিনা ভাষা শেখার প্রশিক্ষণও নিতে হয়েছে। উৎক্ষেপণের এক দিন আগে চূড়ান্ত মহাকাশচারীর নাম ঘোষণা করা হতে পারে।

তবে পাকিস্তানের প্রথম মহাকাশচারী বলতে একেবারে প্রথম মহাকাশযাত্রী নন তিনি। ২০২৩ সালের অক্টোবরে ভার্জিন গ্যালাকটিকের বাণিজ্যিক মহাকাশ সফরে অংশ নিয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত নামিরা সেলিম। অল্প সময়ের জন্য মহাকাশের সীমানা পেরিয়ে ফিরেছিলেন তিনি। কিন্তু তিয়াংগং অভিযান সম্পূর্ণ আলাদা। কারণ, এবার দীর্ঘ সময় পৃথিবীর কক্ষপথে থেকে গবেষণার কাজ করবেন একজন পাকিস্তানি নাগরিক।

এই অভিযানের কূটনৈতিক গুরুত্বও যথেষ্ট। চিনের সঙ্গে পাকিস্তানের মহাকাশ সহযোগিতা গত কয়েক বছরে বেড়েছে। উপগ্রহ উৎক্ষেপণ, যোগাযোগ ব্যবস্থা, দূর অনুধাবন প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় দুই দেশ একসঙ্গে কাজ করছে। এবার সেই সহযোগিতা পৌঁছচ্ছে মানুষকে মহাকাশে পাঠানোর পর্যায়ে।

ভারতের সঙ্গে তুলনাতেও এই অভিযান গুরুত্বপূর্ণ। ১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত মহাকাশযানে চড়ে মহাকাশে গিয়েছিলেন ভারতের রাকেশ শর্মা। সেই ঘটনার ৪২ বছরেরও বেশি সময় পরে পাকিস্তান প্রথম সরকারি মহাকাশ অভিযানে কক্ষপথে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। অন্য দিকে ভারতও গগনযান অভিযানের মাধ্যমে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশচারী পাঠানোর প্রস্তুতি চালাচ্ছে। ফলে এশিয়ার মহাকাশ প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে চলেছে চিন-পাকিস্তান জোট।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks