...
...
Next Story

Odisha’s forest: ধর্ষণ থেকে বাঁচতে হারিয়ে গেলেন জঙ্গলে! পুলিশের উদ্ধার অভিযানে ড্রোন-ফ্লেয়ার গান, তারপর যা হল...

Odisha’s forest: ওই মহিলা নিজের মোবাইল ফোন ব্যবহার করে সাহায্যের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়েই একজন এসিপি’র নেতৃত্বে ইনফোভ্যালি, জটানি এবং খন্দগিরি থানার প্রায় ৫০ জন পুলিশ কর্মী তল্লাশি অভিযান শুরু করেন।

Published on: Jul 20, 2026, 14:39:55 IST
Advertisement

Odisha’s forest: ধর্ষণের হাত থেকে বাঁচাতে সংরক্ষিত গহীন জঙ্গলে আশ্রয় নিয়ে পথ হারান এক মহিলা। পরে ড্রোন, ফ্লেয়ার গান ও রকেট আতশবাজি ব্যবহার করে তাঁকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওড়িশার ভুবনেশ্বরে।

ধর্ষণ থেকে বাঁচতে হারিয়ে গেলেন জঙ্গলে! পুলিশের উদ্ধার অভিযানে ড্রোন-ফ্লেয়ার গান (Representational image)
ধর্ষণ থেকে বাঁচতে হারিয়ে গেলেন জঙ্গলে! পুলিশের উদ্ধার অভিযানে ড্রোন-ফ্লেয়ার গান (Representational image)

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা খুরদা বাসস্ট্যান্ড থেকে একটি বাইকে লিফট নিয়েছিলেন। তাঁর অভিযোগ, বাইক চালক তাঁকে যৌন হেনস্থার উদ্দেশ্যে রতনপুর সংরক্ষিত বনাঞ্চলের দিকে নিয়ে যান। একজন পুলিশ কর্মকর্তা বলেন, ’অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। তবে তিনি বাধা দেন, পাল্টা লড়াই করেন এবং সংরক্ষিত জঙ্গলের ভেতরে পালিয়ে যান। পালাতে গিয়ে তিনি জঙ্গলের ভেতর পথ হারিয়ে ফেলেন।’

এরপর ওই মহিলা নিজের মোবাইল ফোন ব্যবহার করে সাহায্যের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়েই একজন এসিপি’র নেতৃত্বে ইনফোভ্যালি, জটানি এবং খন্দগিরি থানার প্রায় ৫০ জন পুলিশ কর্মী তল্লাশি অভিযান শুরু করেন। তবে ভুক্তভোগী মহিলার মোবাইলে জিপিএস লোকেশন সক্রিয় না থাকায় পুলিশও তাঁকে খুঁজে পাচ্ছিলেন না। পরে পুলিশ নিজেদের অবস্থান চিহ্নিত করতে তাঁকে সাহায্য করার জন্য ড্রোন, ফ্লেয়ার গান এবং রকেট আতশবাজির ব্যবহার করে। সেগুলোর আলোর সংকেত অনুসরণ করে ওই মহিলা উদ্ধারকারী দলের কাছে পৌঁছাতে সক্ষম হন। এভাবেই ওই মহিলা পুলিশকে খুঁজে পান এবং তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা প্রথম দিকে অভিযোগ দায়ের করতে ইতস্তত করছিলেন, কিন্তু পরে বোঝানোর পর তিনি রাজি হন। ইনফোভ্যালি থানায় ধর্ষণের চেষ্টার একটি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপরাধে ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী তদন্ত চলছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks