...
...
Next Story

Constitution Day: বিজেপির গড়ে 'ককরোচ'দের হুল্লোড়! নাগপুরের মেগা সমাবেশের ঘোষণা অভিজিৎ দীপকের

Constitution Day: রাজনৈতিক দিক থেকে র‍্যালির জন্য নাগপুরকে বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই শহরটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ীর এলাকা।

Published on: Nov 24, 2026, 16:36:53 IST
Advertisement

Constitution Day: আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে মহারাষ্ট্রের নাগপুরে এক বিশাল র‍্যালির ঘোষণা করলেন 'ককরোচ জনতা পার্টি' (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ওই দিন বিকেল ৪টে নাগাদ নাগপুরের সংবিধান চকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির জন্য ‘গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও’ স্লোগান দেওয়া হয়েছে। অভিজিৎ দীপকে সাধারণ মানুষের কাছে এই কর্মসূচিতে যোগ দেওয়ার এবং সংবিধানের মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

'ককরোচ জনতা পার্টি'-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (ANI Video Grab)
'ককরোচ জনতা পার্টি'-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (ANI Video Grab)

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (X)-এ র‍্যালির একটি পোস্টার শেয়ার করেছেন অভিজিৎ দীপকে, যেখানে ড. ভীমরাও আম্বেদকরের ছবি রাখা হয়েছে। দীপকে তাঁর পোস্টে লিখেছেন, সংবিধান দিবসে সকলে একত্রিত হয়ে গণতন্ত্র রক্ষা করার, সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখার এবং ভারতরত্ন ড. বাবাসাহেব আম্বেদকরের দেখানো পথে চলার সংকল্প নিন। আগামী ২৬ নভেম্বর নাগপুরে মানুষের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে বলেও তিনি জানিয়েছেন। এমন এক সময়ে এই র‍্যালি হতে চলেছে, যখন অভিজিৎ দীপকে সদ্য গোয়ার পানাজিতে একটি জনসভা করেছেন। গত ২২ নভেম্বর আয়োজিত ওই সভায় তিনি কেন্দ্র এবং গোয়ার বিজেপি সরকারের বিরুদ্ধে 'ভোট চুরি'র অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি, সাধারণ মানুষের মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরাতে সরকার ধর্মীয় বিভাজনে মদত দিচ্ছে।

মনে করা হচ্ছে, নাগপুরের র‍্যালিতেও দীপকে বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ তুলতে পারেন। এর আগে সিজেপি (CJP)-র তরফে দিল্লির যন্তর-মন্তরেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। নির্বাচনী প্রক্রিয়া এবং গণতন্ত্র সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সিজেপি ক্রমাগত বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করে চলেছে।

কেন নাগপুরকেই বেছে নিলেন অভিজিৎ দীপকে?

নাগপুরে বিজেপির এই পরাজয় নিয়ে চর্চায় চলছে। কারণ এই আসনটি জিততে দল সমস্ত শক্তি প্রয়োগ করেছিল। ফডণবীস, গডকড়ী-সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা জোরকদমে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন। তা সত্ত্বেও দলীয় প্রার্থী জয়ী হতে পারেননি। পরাজয়ের কারণ হিসেবে প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ, দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিদ্রোহী প্রার্থীদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই আবহে দীপকের র‍্যালির জন্য নাগপুরকে বেছে নেওয়াকে বিজেপির সবচেয়ে শক্তিশালী বলে বিবেচিত এলাকায় সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks