...
...
Next Story

মেজাজ হারাতেই বড় বিপাকে! ইডেন ম্যাচ জিতিয়েও প্রায় ২ লক্ষ খোয়ালেন অভিষেক

ইডেনে এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান করেছিল। জবাবে কেকেআর ১৬১ রানে গুটিয়ে যায়।

Published on: Apr 3, 2026, 23:14:49 IST
Advertisement

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে গুটিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচেই নিজামের দলের হয়ে ওপেনিং করতে নেমে একেবারে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। ২১ বলে ৪৮ রানের যেই ইনিংস তিনি খেলেছিলেন সেটাই সানরাইজার্স হায়দরাবাদকে জয়ের পথে ঠেলে দিয়েছে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে শাস্তি পেতে হল টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারকে।

বিপাকে অভিষেক শর্মা (ANI Pic Service)
বিপাকে অভিষেক শর্মা (ANI Pic Service)

জানা গেছে, অভিষেক শর্মার ম্যাচ ফি’‌র ২৫ শতাংশ কেটে নিয়েছে বিসিসিআই। কারণ, তিনি আচরণবিধি (কোড অফ কন্ডাক্ট) ভঙ্গের দোষে দোষী সাব্যস্ত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, অভিষেক ঠিক কী ভুল করেছিলেন? ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৬-এর ষষ্ঠ ম্যাচে অভিষেক শর্মার আগ্রাসী আচরণই তাঁর জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ম্যাচ চলাকালীন এক সময় তিনি অশালীন ভাষা ব্যবহার করেন, যা স্টাম্প মাইকে ধরা পড়ে যায়। যার জেরে তাঁকে আইপিএলের কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.৩ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে। এর পর বিসিসিআই তাঁর ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি তার নামে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে।

আইপিএল-র বিবৃতি

আইপিএল-এর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার অভিষেক শর্মাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে সঙ্গে তিনি এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে। অভিষেক অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।’ যদিও ঠিক কোন ঘটনার জন্য অভিষেককে শাস্তি দেওয়া হল সেটা জানানো না হলেও মনে করা হচ্ছে, আউট হওয়ার সময় তিনি যে ভাবে ক্ষুব্ধ হন, তখনই হয়তো ঘটনাটা ঘটেছে। সি ভি বরুণের ক্যাচ নিয়ে নিশ্চিত না হতে পারায় তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হলে তিনি আউট দিয়ে দেন অভিষেককে। তাতেই তাঁর ক্ষোভ হয়তো আছড়ে পড়ে। এদিকে, শাস্তি দেওয়ার পাশাপাশি অভিষেককে সতর্ক করে দিয়েছেন কলকাতা-হায়দরাবাদের ম্যাচ রেফারি শক্তি সিং। অভিষেকের বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ প্রমাণিত হয়েছে। আবার এমন কিছু করলে চলতি আইপিএলেই কড়া শাস্তি হতে পারে অভিষেকের। এক বা দু‘‌ম্যাচের জন্য নির্বাসিতও হতে পারেন তিনি।

ইডেনে এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান করেছিল। জবাবে কেকেআর ১৬১ রানে গুটিয়ে যায়। জয়ী হায়দরাবাদ দলের হয়ে ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা দুর্দান্ত শুরু করেন। দু’জনে মিলে প্রথম ৬ ওভারে ৮৪ রান তোলেন। অভিষেক ২১ বলে ৪৮ রান করেন, যেখানে ছিল ৪টি চার এবং ৪টি ছক্কা। অন্যদিকে, হেড ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন। হায়দরাবাদের পরের ম্যাচ ৫ এপ্রিল, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe