...
...
Next Story

LAHDCs: কারগিল-সাঙ্কুতে বনধ! আন্দোলন-আপত্তি উপেক্ষা করেই লাদাখ পার্বত্য পরিষদের ভোট ঘোষণা

LAHDCs: লাদাখের রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৮ নভেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। প্রার্থী পদ থেকে নাম প্রত্যাহারের শেষ দিন ২০ নভেম্বর।

Published on: Nov 10, 2026, 21:35:30 IST
Advertisement

LAHDCs: পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে লাদাখে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ থেকে সেই আন্দোলন ছড়িয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কারগিলেও। তার মধ্যেই আগামী ৪ ডিসেম্বর কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের আটটি জেলার আটটি স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের ভোট ঘোষণা করল প্রশাসন। ডিসেম্বরের তীব্র শীতের মধ্যে ভোট করানোর সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার কারগিল ও সাঙ্কুতে বনধ পালন করা হয়। কিন্তু সেই আপত্তি উপেক্ষা করেই লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার অনুমোদনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা

লাদাখের রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৮ নভেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। প্রার্থী পদ থেকে নাম প্রত্যাহারের শেষ দিন ২০ নভেম্বর। ভোটগ্রহণ হবে ৪ ডিসেম্বর, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৮ ডিসেম্বরের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করার কথা। ৮টি পরিষদে মোট ১০০টি নির্বাচিত আসনে ভোট হবে। পরিষদগুলি হল লেহ (২২ আসন), কারগিল (২১ আসন), সাঙ্কু (১৩ আসন), চাংথাং (১০ আসন), নুব্রা (৯ আসন), শাম (৯ আসন), জাঁসকর (৯ আসন), দ্রাস (৭ আসন)। এর আগে লাদাখে শুধু লেহ ও কারগিল – এই দু’টি পার্বত্য উন্নয়ন পরিষদ ছিল। চলতি বছর আরও ৬টি জেলা ও পরিষদ গঠন করা হয়েছে। নতুন সীমানা নির্ধারণের ফলে নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা ৫২ থেকে বেড়ে ১০০ হয়েছে।

তবে ডিসেম্বরের তীব্র শীতে ভোট করানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছে লাদাখের একাধিক সংগঠন। কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা কেডিএ-র নেতা সাজ্জাদ কারগিলের বক্তব্য, শীতকালে লাদাখের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ মানুষ অন্যত্র চলে যান। তাঁদের মধ্যে রয়েছেন পড়ুয়া, প্রবীণ এবং ব্যবসায়ীরা। ফলে ভোটে অংশ নেওয়ার সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হতে পারেন। লাদাখের সাংসদ মহম্মদ হানিফা জানও লেফটেন্যান্ট গভর্নর এবং নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে শীতের ভোট পিছিয়ে এপ্রিল-মে মাসে করার আবেদন জানিয়েছেন। তাঁর আশঙ্কা, তীব্র ঠান্ডা, তুষারপাত এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু ভোটার ভোট দিতে পারবেন না। নির্বাচন ঘোষণার প্রতিবাদে লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, লাদাখ গোম্ফা অ্যাসোসিয়েশন এবং লাদাখ নাম্বারদার অ্যাসোসিয়েশনও স্থানীয় নির্বাচন বয়কটের বিষয়ে আলোচনায় বসার ডাক দিয়েছে। এই তিন সংগঠন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন বয়কটের কথাও জানিয়েছে। ফলে পার্বত্য পরিষদ নির্বাচন ঘিরে লাদাখে রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks