আফগানিস্তানের সঙ্গে তার প্রতিবেশী পাকিস্তানের সম্পর্কে চিড় ধরেছে বেশ কিছুটা সময় ধরে। এমনকি গত কয়েক মাসে দুই দেশের সশস্ত্র সংঘাতের ঘটনাও ঘটেছে। সেই সংঘাতের জেরে দুই দেশের সম্পর্কে ফাটল ক্রমশ চওড়া হয়েছে। একটা সময়, আফগানিস্তানের সবচেয়ে বড় বাণিজ্য সঙ্গী ছিল পাকিস্তান। সেই বাণিজ্য ক্ষেত্রে পাকিস্তানকে ধাক্কা দিয়ে এবার রাশিয়ার সঙ্গে বড় চুক্তি সম্পন্ন করে ফেলল আফগানিস্তান।

ভৌগলিক দিক থেকে আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী পাকিস্তান। এতকাল ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও জোরদার ছিল। আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক সঙ্গী হিসাবে পাকিস্তানের নাম উঠে আসে। সেই প্রেক্ষাপটে এবার ভারতের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার সঙ্গে তাবড় বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করে ফেলল কাবুল। ১০৩ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি অনুসারে, রাশিয়ার থেকে আটা, ময়দা, রান্নার তেল, ওষুধ কিনবে আফগানিস্তান। অন্যদিকে, আফগানিস্তান থেকে তাজা ফল, বিশেষত বেদানা সহ বেশ কিছু জিনিস আমদানি করবে রাশিয়া। জানা যাচ্ছে, দুই দেশের মধ্যে মোট ১৫ টি চুক্তি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এককালে আফগানিস্তান জুড়ে ছিল মার্কিন সেনার দাপট। আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যেতেই সেখানে ক্ষমতা দখল করে ফেলে তালিবানরা। বর্তমানে আফগানিস্তান তালিবান শাসনের অধীনে। আর সেই তালিবান সরকারের সঙ্গেই রাশিয়া সম্পন্ন করল এই চুক্তি।
রাশিয়ার উপমুখ্যমন্ত্রী আলেক্সি ওভারচুক ও আফগানিস্তানের অর্থ সম্পর্কিত তালিবানি মন্ত্রী আবদুল গনি বরাদর এই চুক্তি সম্পন্ন কালে সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আফগানিস্তান, ধীরে ধীরে তার চেনা বাণিজ্য পথকে প্রসারিত করার লক্ষ্যে হাঁটছে। সেই সূত্র ধরেই রাশিয়ার সঙ্গে সেদেশের এই চুক্তি। কূটনৈতিক দিক থেকে রাশিয়া, আফগানিস্তানের মধ্যে এই চুক্তি ইসলামাবাদের পক্ষে খুব একটা স্বস্তির বার্তা দিচ্ছে না। উল্লেখ্য, সদ্য রাশিয়া থেকে ৭০ জন প্রতিনিধিকে নিয়ে রাশিয়ার উপমুখ্যমন্ত্রী আলেক্সি ওভারচুক আফগানিস্তানের মাটিতে পা রাখেন। এই ৭০ বাণিজ্যিক প্রতিনিধিদের অনেকের সংস্থাই ইতিমধ্যেই আফগানিস্তানে বাণিজ্যিকভাবে সক্রিয়, আবার অনেকে আফগানিস্তানের বাজারে ঢুকতে চেষ্টা করছে। রাশিয়ার মতো তাবড় দেশের আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, নিঃসন্দেহে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বড় দিক।