...
...
Next Story

Gyanesh Kumar: ভোটার তালিকা বিতর্কের পর এবার দেশের নির্বাচনী মানচিত্র বদলের দায়িত্বেও জ্ঞানেশ কুমার!

আগামী ৩০ নভেম্বর থেকে ফের বসতে চলেছে সংসদের অধিবেশন। সেই অধিবেশনেই ডিলিমিটেশন সংক্রান্ত সংশোধিত বিল পেশ করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। চলতি বছরের এপ্রিলে লোকসভায় ডিলিমিটেশন সংক্রান্ত বিল পাশ করাতে পারেনি সরকার।

Published on: Nov 28, 2026, 08:31:19 IST
Advertisement

ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR-কে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই এবার দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়ায় তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কেন্দ্রের নয়া প্রস্তাবিত বিল সংসদে পাশ হলে ডিলিমিটেশন কমিশনের সদস্য হবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার অথবা তাঁর মনোনীত কোনও নির্বাচন কমিশনার। ফলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে দেশের নির্বাচনী কাঠামোয় বড়সড় পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন জ্ঞানেশ কুমার। আর তা নিয়েই নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজধানীর রাজনীতিতে।

ভোটার তালিকা বিতর্কের পর এবার দেশের নির্বাচনী মানচিত্র বদলের দায়িত্বেও জ্ঞানেশ কুমার!
ভোটার তালিকা বিতর্কের পর এবার দেশের নির্বাচনী মানচিত্র বদলের দায়িত্বেও জ্ঞানেশ কুমার!

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর থেকে ফের বসতে চলেছে সংসদের অধিবেশন। সেই অধিবেশনেই ডিলিমিটেশন সংক্রান্ত সংশোধিত বিল পেশ করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। চলতি বছরের এপ্রিলে লোকসভায় ডিলিমিটেশন সংক্রান্ত বিল পাশ করাতে পারেনি সরকার। কারণ, সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয়েছিল শাসক শিবির। এবার নতুন প্রস্তাবে রাজ্যগুলির আসনসংখ্যার অনুপাত অপরিবর্তিত রেখে প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ আসন বাড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ, লোকসভায় রাজ্যগুলির বর্তমান আনুপাতিক প্রতিনিধিত্ব বজায় রেখেই আসনসংখ্যা বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের। পাশাপাশি আগামী ২৫ বছর এই অনুপাত অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।

এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ ডিলিমিটেশন কমিশন। সংশোধিত বিল অনুযায়ী, সুপ্রিম কোর্টের কোনও বর্তমান বা প্রাক্তন বিচারপতি এই কমিশনের চেয়ারম্যান হবেন। সদস্য হিসেবে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার অথবা তাঁর মনোনীত অন্য কোনও নির্বাচন কমিশনার। সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনারও কমিশনের সদস্য হবেন। ফলে জ্ঞানেশ কুমার নিজে এই দায়িত্ব নিতে পারেন, আবার তাঁর বদলে অন্য কোনও নির্বাচন কমিশনারকেও মনোনীত করতে পারেন। উল্লেখযোগ্য বিষয়, ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকার কথা জ্ঞানেশ কুমারের। আর ২০২৯ সালের লোকসভা নির্বাচন নতুন সীমানা অনুযায়ী করতে হলে তার আগেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিরোধীদের আশঙ্কা, ডিলিমিটেশনের নামে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা এমনভাবে পুনর্বিন্যাস করা হতে পারে, যাতে নির্দিষ্ট রাজনৈতিক দল নির্বাচনে বাড়তি সুবিধা পায়। আন্তর্জাতিক রাজনীতিতে এই পদ্ধতিকে বলা হয় 'জেরিম্যান্ডারিং'। অসম ও জম্মু-কাশ্মীরে অতীতে কেন্দ্র পুনর্বিন্যাসের ক্ষেত্রেও পক্ষপাতের অভিযোগ তুলেছিল বিরোধীরা। যদিও কেন্দ্র সেই অভিযোগ অস্বীকার করেছে। নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন-সহ সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ম মেনেই নেওয়া হয়েছে।

এদিকে, নয়া প্রস্তাবে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৮৫০ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমান ৫৪৩টি আসনের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধির ফলে আসনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর সঙ্গে যুক্ত রয়েছে সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করার পরিকল্পনা। ২৭ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশ্লিষ্ট সংশোধনী বিলগুলিতে অনুমোদন দিয়েছে।

সব মিলিয়ে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচনী ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে মোদী সরকার। কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় জ্ঞানেশ কুমারের সম্ভাব্য উপস্থিতি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের পুরনো প্রশ্নকে আরও উসকে দিতে পারে। আগামী ৩০ নভেম্বর শুরু হতে চলা সংসদের অধিবেশনেই স্পষ্ট হবে, বিরোধীদের আপত্তি উপেক্ষা করে কতটা এগোতে পারে কেন্দ্রের এই পরিকল্পনা।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks