...
...
Next Story

Agniveer Marriage: চার বছর পর বিয়েতে আর বাধা নয় অগ্নিবীরদের! নিয়ম শিথিলের পথে প্রতিরক্ষা মন্ত্রক

১২ নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, চার বছরের কর্মমেয়াদ শেষ হওয়ার পর স্থায়ী সেনাকর্মী হিসেবে নির্বাচিত ২৫ শতাংশ অগ্নিবীর এবং অতিরিক্ত দু’বছরের কর্মমেয়াদ পাওয়া বাকি ৭৫ শতাংশ অগ্নিবীর—উভয় ক্ষেত্রেই বিয়ের অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Published on: Nov 12, 2026, 13:39:28 IST
Advertisement

অগ্নিপথ প্রকল্পে বড়সড় পরিবর্তনের পর এবার অগ্নিবীরদের ব্যক্তিগত জীবন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে হাঁটছে ভারতীয় সেনাবাহিনী। চার বছরের নির্ধারিত কর্মমেয়াদ শেষ হওয়ার পর অগ্নিবীরদের বিয়ের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে তিন বাহিনী। এতদিন অগ্নিপথ প্রকল্পের নিয়ম অনুযায়ী, সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনায় অগ্নিবীর হিসেবে কর্মরত অবস্থায় প্রথম চার বছর বিয়ে করার অনুমতি ছিল না। কিন্তু নতুন ব্যবস্থায় চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর আর বিয়ের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না বলে প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে অগ্নিবীরদের বিস্তারিত নিয়মকানুন বোঝাতে বিশেষ প্রচার কর্মসূচিও শুরু করছে তিন বাহিনী।

চার বছর পর বিয়েতে আর বাধা নয় অগ্নিবীরদের! নিয়ম শিথিলের পথে প্রতিরক্ষা মন্ত্রক (PTI)
চার বছর পর বিয়েতে আর বাধা নয় অগ্নিবীরদের! নিয়ম শিথিলের পথে প্রতিরক্ষা মন্ত্রক (PTI)

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার, ১২ নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, চার বছরের কর্মমেয়াদ শেষ হওয়ার পর স্থায়ী সেনাকর্মী হিসেবে নির্বাচিত ২৫ শতাংশ অগ্নিবীর এবং অতিরিক্ত দু’বছরের কর্মমেয়াদ পাওয়া বাকি ৭৫ শতাংশ অগ্নিবীর—উভয় ক্ষেত্রেই বিয়ের অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, প্রথম চার বছরের নিষেধাজ্ঞা শেষ হলেই বিয়ে করতে পারবেন অগ্নিবীররা। পরবর্তী দু’বছর দায়িত্ব পালন করার সময়ও তাঁদের বিয়ের ক্ষেত্রে বাধা থাকার কথা নয়।

কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তনের প্রয়োজন পড়ল? আসলে অগ্নিপথ প্রকল্পে সাধারণত সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সি তরুণ-তরুণীরা সেনাবাহিনীতে যোগ দেন। প্রথম চার বছর তাঁদের কঠোর সামরিক প্রশিক্ষণ এবং দায়িত্ব পালন করতে হয়। এই সময়ে বিয়ের অনুমতি না থাকায় অনেকের ব্যক্তিগত ও পারিবারিক পরিকল্পনা আটকে যাচ্ছিল। বিশেষ করে চার বছরের পর আরও দু’বছর কাজ করার সুযোগ তৈরি হওয়ায় বিয়ে এবং পরিবার গঠনের বিষয়টি নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সমস্যার সমাধান করতেই নতুন নিয়মের বিষয়টি বিবেচনা করছে প্রতিরক্ষা মন্ত্রক।

প্রতিরক্ষা বিভাগের আধিকারিকদের বক্তব্য, এই নতুন ব্যবস্থার বিভিন্ন দিক প্রথম দফার অগ্নিবীরদের বুঝিয়ে দিতে তিন বাহিনীর তরফে বিশেষ প্রচার কর্মসূচি নেওয়া হচ্ছে। অতিরিক্ত দু’বছরের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তাঁদের পারিবারিক পরিস্থিতি, বৈবাহিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তথ্য যাচাই করা হবে। পাশাপাশি দ্বিতীয় দফার কর্মমেয়াদে অগ্নিবীরদের ছুটির পরিমাণ বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। বর্তমানে অগ্নিবীররা বছরে ৩০ দিন ছুটি পান। সেখানে স্থায়ী সেনাকর্মীদের ক্ষেত্রে বছরে মোট ৯০ দিনের ছুটির ব্যবস্থা রয়েছে।

এছাড়াও জম্মু-কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে বিশেষ ভূমিকা পালনকারী রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর বিভিন্ন ইউনিটে অগ্নিবীরদের নিয়োগ করা যায় কি না, তা খতিয়ে দেখছে সেনাবাহিনী। এতদিন চার বছরের কর্মমেয়াদের সীমাবদ্ধতার কারণে তাঁদের এই ধরনের বিশেষ বাহিনীতে পাঠানো হত না।

সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় তিন লক্ষ অগ্নিবীর এই প্রকল্পের আওতায় রয়েছেন। প্রথম দফায় নিয়োগ পাওয়া প্রায় ২৪ হাজার ৪০০ জনের মধ্যে প্রায় ১৮ হাজার ৩০০ জনের চার বছরের কর্মমেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে।

সব মিলিয়ে অগ্নিপথ প্রকল্পে এই পরিবর্তনের মাধ্যমে অগ্নিবীরদের দীর্ঘমেয়াদি সেনাজীবনের সুযোগ বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কিছুটা স্বস্তি দিতে চাইছে কেন্দ্র। এখন দেখার, বিয়ের অনুমতি, অতিরিক্ত ছুটি এবং স্থায়ী সেনাকর্মী হওয়ার নতুন সুযোগ অগ্নিবীরদের মধ্যে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks