বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের খাবারের অভিজ্ঞতায় বড়সড় পরিবর্তন আনছে ভারতীয় রেল। এবার বিমানের মতো ছোট ও নির্দিষ্ট মেনুতে খাবার পরিবেশন করা হবে এই অত্যাধুনিক ট্রেনগুলিতে। খাবারের পদ সংখ্যা কমিয়ে গুণমান ও পরিচ্ছন্নতার উপর বেশি গুরুত্ব দিতে চাইছে রেল। আপাতত দেশের তিনটি বন্দে ভারত স্লিপার রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই নতুন ব্যবস্থা। তালিকায় রয়েছে মুম্বই-বেঙ্গালুরু, হাওড়া-কামাখ্যা এবং নয়াদিল্লি-বারাণসী রুট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এতদিনের প্রচলিত রেলওয়ে ক্যাটারিং ব্যবস্থার বদলে খাবার তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে বড় বড় ক্লাউড কিচেন এবং হোটেল-এয়ারলাইন্সের জন্য খাবার সরবরাহকারী সংস্থাগুলিকে। রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের খাবারের মান বাড়বে বলেই আশা করা হচ্ছে।

এতদিন দূরপাল্লার ট্রেনে খাবারের গুণমান, স্বাদ এবং পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের একাধিক অভিযোগ ছিল। অনেক সময় খাবার ঠান্ডা হয়ে যাওয়া, নিম্নমানের খাবার পরিবেশন কিংবা স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠত। সেই সমস্যার সমাধান করতেই নতুন উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। নতুন ব্যবস্থায় খাবারের পদ কমিয়ে নির্দিষ্ট কয়েকটি খাবার পরিবেশন করা হবে। বিমানে যেভাবে নির্দিষ্ট মেনু অনুযায়ী খাবার দেওয়া হয়, অনেকটা সেই পদ্ধতিই অনুসরণ করা হচ্ছে।
এই প্রকল্পে খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক নামী সংস্থাকে। হাওড়া-কামাখ্যা রুটের জন্য কাজ করছে তাজস্যাটস (TajSATS)। কামাখ্যা রুটের জন্য দায়িত্ব পেয়েছে মেফেয়ার গ্রুপ। অন্যদিকে, বাকি দুটি রুটের জন্য কাজ করছে সরোভার পোর্টিকো গ্রুপ। বিমান সংস্থা এবং বড় হোটেলগুলিতে নিয়মিত খাবার সরবরাহ করে এই ধরনের সংস্থাগুলি। ফলে নির্দিষ্ট মান বজায় রেখে খাবার তৈরি, প্যাকেজিং এবং পরিবেশন করা সম্ভব হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
নতুন মেনুতে কী কী থাকছে? বিশেষ করে মুম্বই-বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার ট্রেনে সকালের জলখাবারে যাত্রীরা পাবেন তিনটি বিকল্প। চাটনি ও সাম্বার সহযোগে ইডলি-ভাদা, পোহা অথবা উপমা। আগে সকালের খাবারের তালিকায় থাকা স্যুপ, ডিমের অমলেট, স্যান্ডউইচ, বাটারমিল্ক এবং চকোলেট বাদ দেওয়া হয়েছে।
{{/usCountry}}নতুন মেনুতে কী কী থাকছে? বিশেষ করে মুম্বই-বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার ট্রেনে সকালের জলখাবারে যাত্রীরা পাবেন তিনটি বিকল্প। চাটনি ও সাম্বার সহযোগে ইডলি-ভাদা, পোহা অথবা উপমা। আগে সকালের খাবারের তালিকায় থাকা স্যুপ, ডিমের অমলেট, স্যান্ডউইচ, বাটারমিল্ক এবং চকোলেট বাদ দেওয়া হয়েছে।
{{/usCountry}}দুপুর ও রাতের খাবারের ক্ষেত্রেও ছোট করা হয়েছে মেনু। এবার থেকে রুটি, ভাত, ডাল এবং একটি প্রধান পদ পরিবেশন করা হবে। প্রধান পদ হিসেবে যাত্রীরা চিকেন অথবা নিরামিষ খাবারের মধ্যে বেছে নিতে পারবেন। আগে যে শুকনো তরকারি, দই, স্যালাড, আচার এবং মিষ্টি দেওয়া হত, সেগুলিও নতুন মেনু থেকে বাদ পড়েছে।
খাবারের মোট ওজনও কমানো হয়েছে। আগে যেখানে এক বেলার খাবারের ওজন থাকত প্রায় ৭০০-৭৫০ গ্রাম, নতুন ব্যবস্থায় তা কমে দাঁড়িয়েছে ৪৫০-৫০০ গ্রামে। তবে IRCTC আধিকারিকদের দাবি, যেসব খাবার রাখা হয়েছে, সেগুলির প্রত্যেকটির পরিবেশনের পরিমাণ কমানো হয়নি। শুধু অপ্রয়োজনীয় অতিরিক্ত পদ বাদ দেওয়া হয়েছে।
এই নতুন ব্যবস্থায় ইতিমধ্যেই ইতিবাচক ফল মিলছে বলে দাবি রেলের। IRCTC-র পশ্চিমাঞ্চলের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, ক্লাউড কিচেনের মাধ্যমে খাবার সরবরাহ শুরু হওয়ার পর যাত্রীদের খাবার সংক্রান্ত অভিযোগ প্রায় ১০ শতাংশ কমেছে।
পরীক্ষামূলক প্রকল্প সফল হলে ভবিষ্যতে রাজধানী, শতাব্দী-সহ অন্যান্য দূরপাল্লার প্রিমিয়াম ট্রেনেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। অর্থাৎ, যাত্রীদের বেশি পদ পরিবেশনের বদলে কম পদে উন্নত মানের খাবার দেওয়াই এখন ভারতীয় রেলের নতুন লক্ষ্য।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।