সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে সৌদি আরবের। প্রতিরক্ষা চুক্তি থেকে শুরু করে আর্থিক সাহায্যের ক্ষেত্রে পাকিস্তানের মাথার ওপর হাত রেখেছে সৌদি। কয়েকদিন আগেই আবার সৌদির রাজধানী জেদ্দায় গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আর সেই সফরের এক সপ্তাহ যেতে না যেতেই সৌদিতে পা রাখলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানা গিয়েছে, এই সফরকালে পশ্চিম এশিয়া সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন ডোভাল। এরই সঙ্গে ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সৌদি কর্তপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।

এর আগে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর কাতার সফরে যান। এবার সৌদিতে পা রাখলেন অজিত ডোভাল। হরমুজ প্রণালী বন্ধের কারণে বিশ্ব জুড়ে জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এই আবহে দেশে যাতে জ্বালানি সংকট দেখা না দেয়, তার জন্য সব ধরনের পদক্ষেপ করছে ভারত।
সাম্প্রতিক সময়ে আবারে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও পোক্ত হয়েছে। মূলত পাক-সৌদি বন্ধুত্ব গভীর হওয়ার পরই সংযুক্ত আরব আমিরাত ভারতের দিকে ঝুঁকেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময় সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই আবহে অজিত ডোভালের সৌদি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরে ডোভালকে স্বাগত জানান সৌদি রাজনীতি বিষয়ক প্রতিমন্ত্রী সৌদ আল-সাতি। সৌদির জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সলমন, বিদেশমন্ত্রী ফয়সল বিন ফারহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ আল-আইবানের সঙ্গে বৈঠক করেন ডোভাল। রিয়াদে ভারতীয় দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় বলা হয়, 'বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন।' সৌদি আরবের রাষ্ট্রীয় প্রেস এজেন্সি জানিয়েছে, বিদেশমন্ত্রী ফয়সল বিন ফারহান ও ডোভাল পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন এবং আঞ্চলিক পরিস্থিতির পর্যালোচনা করেছেন। রাশিয়া ও ইরাকের পাশাপাশি সৌদি থেকে প্রচুর তেল আমদানি করে ভারত।