...
...
Next Story

Bisleri Row: বিসলেরির জলের নমুনায় ক্ষতিকর রাসায়নিকের দাবি! পাল্টা দাবি সংস্থার, কী বলছে পরীক্ষার রিপোর্ট?

বিসলেরি জানিয়েছে, গোয়ার কারখানায় তৈরি একটি ব্যাচকে ঘিরেই এই বিতর্ক। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর ওই কারখানা থেকে ছটি জলের নমুনা সংগ্রহ করেছিল FSSAI। সংস্থার দাবি, প্রথম পরীক্ষায় ছটির মধ্যে পাঁচটি নমুনাই নির্ধারিত মান পূরণ করেছিল।

Published on: Nov 23, 2026, 12:57:34 IST
Advertisement

বোতলবন্দি জল মানেই নিরাপদ, এমন ধারণায় বড়সড় ধাক্কা। দেশের অন্যতম পরিচিত পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI। সংস্থার গোয়া কারখানা থেকে সংগ্রহ করা পানীয় জলের একটি নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া গিয়েছে বলে অভিযোগ। পরে দ্বিতীয় পরীক্ষাতেও ওই নমুনায় ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির কথা সামনে আসে। বিষয়টি খতিয়ে দেখে বিসলেরির বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে FSSAI। তবে অভিযোগ অস্বীকার না করলেও পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থা। তাদের দাবি, পরবর্তী স্বাধীন পরীক্ষায় জলের নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গিয়েছে। ফলে বিসলেরির জল পান করা কতটা নিরাপদ, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিসলেরির জলের নমুনায় ক্ষতিকর রাসায়নিকের দাবি! পাল্টা দাবি সংস্থার, কী বলছে পরীক্ষার রিপোর্ট? (REUTERS)
বিসলেরির জলের নমুনায় ক্ষতিকর রাসায়নিকের দাবি! পাল্টা দাবি সংস্থার, কী বলছে পরীক্ষার রিপোর্ট? (REUTERS)

বিসলেরি জানিয়েছে, গোয়ার কারখানায় তৈরি একটি ব্যাচকে ঘিরেই এই বিতর্ক। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর ওই কারখানা থেকে ছটি জলের নমুনা সংগ্রহ করেছিল FSSAI। সংস্থার দাবি, প্রথম পরীক্ষায় ছটির মধ্যে পাঁচটি নমুনাই নির্ধারিত মান পূরণ করেছিল। কিন্তু ষষ্ঠ নমুনায় প্রতি লিটার জলে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়। অথচ নির্ধারিত সর্বোচ্চ মাত্রা ১০ মাইক্রোগ্রাম। অর্থাৎ অনুমোদিত সীমার তুলনায় ২০ শতাংশ বেশি ছিল ব্রোমেটের উপস্থিতি।

এই ফলকে চ্যালেঞ্জ করে ২০২৫ সালের ২২ নভেম্বর আবেদন জানিয়েছিল বিসলেরি। এর পর নমুনাটি দ্বিতীয় পরীক্ষার জন্য পাঠানো হয় একটি রেফারেল পরীক্ষাগারে। বিসলেরির দাবি, ওই পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায়। তবে একই নমুনায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা পিএএইচ-এর উপস্থিতি ধরা পড়ে। এই রাসায়নিক যৌগগুলির কয়েকটি মানবস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং ক্যানসারের ঝুঁকির সঙ্গে যুক্ত। ভারতীয় মান অনুযায়ী, বোতলবন্দি পানীয় জলে এই যৌগগুলির উপস্থিতি গ্রহণযোগ্য নয়।

কিন্তু ব্রোমেট নিয়ে এত উদ্বেগ কেন? বিশেষজ্ঞদের মতে, জল জীবাণুমুক্ত করতে অনেক সময় ওজোন ব্যবহার করা হয়। জলে প্রাকৃতিক ভাবে থাকা ব্রোমাইডের সঙ্গে ওজোনের বিক্রিয়ায় তৈরি হতে পারে ব্রোমেট। এই রাসায়নিক দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে। আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা ব্রোমেটকে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী পদার্থের তালিকায় রেখেছে। তবে একবার নির্ধারিত সীমার বেশি ব্রোমেটযুক্ত জল পান করলেই তাৎক্ষণিক অসুস্থতা হবে, এমন প্রমাণ নেই।

এদিকে বিসলেরির বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি দেশের অন্যান্য পানীয় জলের ব্র্যান্ডের নমুনাও পরীক্ষা করার পরিকল্পনা করছে FSSAI। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিসলেরির বিভিন্ন কারখানা থেকেও আরও নমুনা সংগ্রহ করা হবে। ফলে এই ঘটনা শুধু একটি সংস্থার জল নিয়ে প্রশ্ন তুলছে না, গোটা বোতলবন্দি পানীয় জলের বাজারের গুণমান নিয়েই নতুন করে উদ্বেগ তৈরি করছে। তবে বিসলেরির বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়া হলেও এখনও আদালতে সংস্থার দোষ প্রমাণিত হয়নি।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks