...
...
Next Story

Ram Temple: Op সিঁদুর-এ দুর্ধর্ষ ভূমিকা!রামমন্দির ট্রাস্টের CEO হতেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও ভাইরাল জিতেন্দ্র মিশ্রের

First CEO of Ram Temple: উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার ভাটপার রানি থানা এলাকার ভোপাতপুরা গ্রামের বাসিন্দা হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। তাঁর ৩,০০০ ঘণ্টারও বেশি আকাশে ওড়ার অভিজ্ঞতা রয়েছে।

Published on: Sep 3, 2026, 14:15:17 IST
Advertisement

First CEO of Ram Temple: 'অপারেশন সিন্দুর', পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানে নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান। বিশ্বমঞ্চ দেখেছিল ভারতের প্রতাপ। সেই অভিযানে ওয়েস্টার্ন এয়ার কমান্ডের সফল নেতৃত্ব দিয়েছিলেন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। এবার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকেই রাম জন্মভূমি ট্রাস্টের প্রথম সিইও হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর নতুন দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জীতেন্দ্র মিশ্রের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে।

রামমন্দির ট্রাস্টের CEO হতেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও ভাইরাল জিতেন্দ্র মিশ্রের (@ShriRamTeerth X)
রামমন্দির ট্রাস্টের CEO হতেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও ভাইরাল জিতেন্দ্র মিশ্রের (@ShriRamTeerth X)

ওই ভিডিওটিতে পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জিতেন্দ্র মিশ্রকে দেখা যাচ্ছে। হিন্দুস্তান টাইমসের পূর্ববর্তী প্রতিবেদন অনুযায়ী, 'অপারেশন সিঁদুর'-এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হওয়ার পরপরই, ২০২৫ সালের মে মাসে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আদমপুর এয়ারবেসে গিয়েছিলেন জিতেন্দ্র মিশ্র। পাকিস্তানের অপপ্রচার রুখতে এবং ভারতের সামরিক প্রস্তুতি তুলে ধরতেই সেই সময় ওই সফর অনুষ্ঠিত হয়েছিল। 'অপারেশন সিঁদুর'-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মিশ্র ভারতীয় বিমানবাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডের 'এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ' হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৮ বছরের দীর্ঘ পরিষেবার পর চলতি বছরের গত ৩০ এপ্রিলে তিনি অবসর গ্রহণ করেন। তিনি কর্মরত অবস্থায় সর্বোত্তম যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল ও বিশিষ্ট সেবা মডেল অর্জন করেছেন।

‘অপারেশন সিঁদুর’-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব

২০২৫ সালের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সময় ওয়েস্টার্ন এয়ার কমান্ডের-এর নেতৃত্বে ছিলেন জিতেন্দ্র মিশ্র। এই অভিযানে তাঁর নেতৃত্ব এবং সামরিক অবদানের জন্য পরবর্তী সময়ে তাঁকে সর্বোত্তম যুদ্ধ সেবা মেডেল-এ সম্মানিত করা হয়। তা সেনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ মর্যাদার সামরিক সম্মানগুলির একটি। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের অংশ হিসেবে চার দিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, দূরপাল্লার অস্ত্র এবং ভারী কামান ব্যবহার করে তীব্র সংঘাত ও পাল্টা হামলা চলে। পরবর্তীতে ২০২৫ সালের ১০ মে দুই দেশ সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে সমঝোতায় পৌঁছায়। পহেলগাঁও হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ওয়েস্টার্ন এয়ার কমান্ডকে প্রস্তুত করেছিলেন মিশ্র। সংশ্লিষ্ট সূত্রের খবর, পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গি ঘাঁটিগুলো নির্ভুলভাবে চিহ্নিত করা এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়িয়ে নির্দিষ্ট অস্ত্র নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

তাঁকে রাম মন্দিরের গুরুদায়িত্বের জন্য বেছে নেওয়ায় নির্বাচন কমিটি, রামমন্দির ট্রাস্ট এবং ভগবান রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। জিতেন্দ্র মিশ্র জানান, তিনি সম্প্রতিই সিইও হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই এই মুহূর্তে তাঁর পরিকল্পনা নিয়ে বিস্তারিত বলা ঠিক হবে না। দায়িত্ব গ্রহণের পর ট্রাস্টের সদস্য এবং তাঁর দলের সহযোগিতায় রামমন্দিরের স্বার্থে সর্বোচ্চটা করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, অতীত নিয়ে আলোচনা না করে আগামী দিনের কাজেই বেশি গুরুত্ব দিতে চান। ভগবান রামের আশীর্বাদে আগামী দিনে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলেও আশাব্যক্ত করেন নবনিযুক্ত সিইও।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe