মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের সংঘাতের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ছে আন্তর্জাতিক জলপথে। হরমুজ প্রণালীতে ফের আক্রান্ত একটি তেলবাহী ট্যাঙ্কার। ওমানের উপকূলের কাছে জাহাজটির উপর হামলার জেরে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। শুধু তাই নয়, মাঝসমুদ্রে অচল হয়ে পড়ে ট্যাঙ্কারটি। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণের পথ হরমুজ প্রণালীতে পরপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা UKMTO জানিয়েছে, গত ১৬ নভেম্বর ওমানের খাসাব (Khasab) উপকূল থেকে প্রায় ৭ নটিক্যাল মাইল উত্তরে এই ঘটনা ঘটে। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে বলে তৃতীয় পক্ষের কাছ থেকে খবর পায় সংস্থাটি। হামলার জেরে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের ক্ষমতা হারায়। তবে জাহাজে থাকা সমস্ত নাবিক নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে UKMTO। জাহাজটির ঠিক কতটা ক্ষতি হয়েছে এবং সমুদ্রে কোনও তেল ছড়িয়ে পরিবেশের ক্ষতি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে ওই জলপথ দিয়ে চলাচলকারী অন্য জাহাজগুলিকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে এই হামলা নিয়ে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে ইরানের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম IRIB-এ প্রকাশিত বিবৃতি অনুযায়ী, আক্রান্ত ট্যাঙ্কারটি হরমুজ প্রণালীর পূর্বদিকে একটি নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় প্রবেশ করেছিল। শুধু তাই নয়, জাহাজটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল বলেও অভিযোগ করেছে ইরানের নৌবাহিনী। তাদের বক্তব্য, সামরিক বাহিনীর সঙ্গে কোনও সমন্বয় না করে নিষিদ্ধ জলসীমায় প্রবেশ এবং সামুদ্রিক নিয়ম অমান্য করার পরিণতি হিসেবেই জাহাজটি নৌ-মাইনের মুখে পড়ে এবং আগুন ধরে যায়। ইরানের দাবি, এই ঘটনায় ট্যাঙ্কারটির যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে জাহাজটি কোন দেশের, কার মালিকানাধীন এবং ঠিক কী ধরনের পণ্য বহন করছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
সবচেয়ে উদ্বেগের বিষয়, গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে চতুর্থবার তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছে NDTV। এর আগেও হরমুজ প্রণালীতে একাধিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ও আগুন লাগার খবর সামনে এসেছে। গত ১৬ নভেম্বরই আরও একটি ট্যাঙ্কার অজ্ঞাত কোনও প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সেই জাহাজের ইঞ্জিন রুমেও আগুন ধরে যায়। এর আগে দুটি তেলবাহী জাহাজ নৌ-মাইনে আঘাত পেয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কবলে পড়ে বলে দাবি করেছিল ইরান। একের পর এক এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা কার্যত প্রশ্নের মুখে।
{{/usCountry}}সবচেয়ে উদ্বেগের বিষয়, গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে চতুর্থবার তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছে NDTV। এর আগেও হরমুজ প্রণালীতে একাধিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ও আগুন লাগার খবর সামনে এসেছে। গত ১৬ নভেম্বরই আরও একটি ট্যাঙ্কার অজ্ঞাত কোনও প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সেই জাহাজের ইঞ্জিন রুমেও আগুন ধরে যায়। এর আগে দুটি তেলবাহী জাহাজ নৌ-মাইনে আঘাত পেয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কবলে পড়ে বলে দাবি করেছিল ইরান। একের পর এক এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা কার্যত প্রশ্নের মুখে।
{{/usCountry}}উল্লেখ্য, হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছয়। ফলে এই জলপথে দীর্ঘদিন অস্থিরতা বজায় থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, জাহাজ চলাচলের খরচ এবং তেলের বাজারে তার প্রভাব পড়তে পারে।
সব মিলিয়ে ইরান ও আমেরিকার সংঘাতের আবহে হরমুজ প্রণালী এখন কার্যত নতুন সংঘাতের কেন্দ্রে পরিণত হচ্ছে। একের পর এক ট্যাঙ্কারে হামলা, নৌ-মাইনের আতঙ্ক এবং ইরানের নিষিদ্ধ জলসীমা সংক্রান্ত সতর্কবার্তায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল কতটা নিরাপদ থাকে, এখন সেদিকেই নজর গোটা বিশ্বের।