...
...
Next Story

B'desh in BIMSTEC meet headed by Doval: ডোভালের সভাপতিত্বে বিমসটেক নিরাপত্তা বৈঠক, যোগ দিল বাংলাদেশও, আলোচনা কী নিয়ে?

বিমস্টেক পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান দেশ বাংলাদেশ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এ কে এম শামসুল ইসলাম।

Published on: Jul 16, 2026, 17:23:17 IST
Advertisement

B'desh in BIMSTEC meet headed by Doval: সন্ত্রাসবাদ মোকাবিলা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগে যৌথভাবে মোকাবিলার কৌশল আরও শক্তিশালী করতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল বিমসটেক (BIMSTEC)-এর জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠক। বৃহস্পতিবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিমস্টেকের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এ কে এম শামসুল ইসলাম। (BIMSTEC Secretariat)
বিমস্টেকের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এ কে এম শামসুল ইসলাম। (BIMSTEC Secretariat)

এই বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান দেশ বাংলাদেশ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এ কে এম শামসুল ইসলাম। সাম্প্রতিক ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের আবহেও ঢাকার এই বৈঠকে যোগ দেওয়াকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন কূটনৈতিক মহলের একাংশ।

বৈঠকের আগে অজিত ডোভাল বাংলাদেশের প্রতিনিধি এ কে এম শামসুল ইসলামের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও করেন। সেখানে ভারত-বাংলাদেশ নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

বৈঠকে বিমসটেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে নিরাপত্তা ক্ষেত্রে সংগঠনের অগ্রগতি এবং সদস্য দেশগুলির মধ্যে চলমান সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর সদস্য দেশগুলির প্রতিনিধিরা সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধ দমন, সাইবার হামলা মোকাবিলা, সামুদ্রিক নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ভবিষ্যতে উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া সমুদ্রে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার পারস্পরিক যোগাযোগ ও অভিযান পরিচালনার ক্ষেত্রে একগুচ্ছ অভিন্ন নীতিও অনুমোদন করা হয়েছে। এর লক্ষ্য, বঙ্গোপসাগর অঞ্চলে নিরাপত্তা, সমন্বয় এবং পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করা।

আগামী বছর বিমসটেক প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ হবে। সেই প্রেক্ষাপটে সদস্য দেশগুলি নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জ্ঞান বিনিময়, গোয়েন্দা তথ্য আদানপ্রদান, প্রযুক্তিগত সহযোগিতা এবং যৌথ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, জলদস্যুতা ও অন্যান্য আন্তঃসীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে দ্রুত বদলে যাওয়া ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং ভারতের সঙ্গে নিরাপত্তা সংলাপ ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe