...
...
Next Story

Tarique-Erdogan Meeting: ভারত বিরোধী এরদোয়ানের সঙ্গে বৈঠক তারেকের, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

মঙ্গলবার রাতে তুরস্কের আনতালিয়ায় এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তারেক। রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন COP31-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিনেই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক হয়।

Published on: Nov 11, 2026, 09:40:01 IST
Advertisement

কাশ্মীর ইস্যুতে বারবার ভারতের বিরোধিতা। পাকিস্তানের সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার উদ্যোগ। এমনকি ভারত-পাকিস্তান সংঘাতের সময়ও প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল আঙ্কারা। সেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ, যৌথ উদ্যোগ, জ্বালানি এবং বিমান চলাচল-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। ফলে ভারতের স্বার্থের সঙ্গে সংঘাতপূর্ণ অবস্থান নেওয়া তুরস্কের সঙ্গে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার রাতে তুরস্কের আনতালিয়ায় এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তারেক
মঙ্গলবার রাতে তুরস্কের আনতালিয়ায় এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তারেক

মঙ্গলবার রাতে তুরস্কের আনতালিয়ায় এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তারেক। রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন COP31-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিনেই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়বস্তু জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তাঁর দাবি, অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে। তারেককে 'মূল্যবান বন্ধু ও ভাই' বলে সম্বোধন করেছেন এরদোয়ান।

পাকিস্তানের পাশে তুরস্ক

তুরস্কের সঙ্গে বাংলাদেশের এই বৈঠক এমন সময়ে হল, যখন ভারতের সঙ্গে আঙ্কারার সম্পর্ক এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। কাশ্মীর প্রশ্নে এরদোয়ানের অবস্থান দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির অস্বস্তির কারণ। ২০২৬ সালের সেপ্টেম্বরেও রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। এর প্রতিবাদ জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দেয়, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়ে তৃতীয় কোনও দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

এই প্রেক্ষাপটেই তারেক-এর্দোয়ান বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে প্রতিরক্ষা সহযোগিতা। বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ঢাকার। সেখানে তুরস্কের বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ। তবে এই বিষয়ে এখনও কোনও চুক্তি বা সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়নি। আলোচনা চলছে প্রাথমিক পর্যায়ে।

এ ছাড়া গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বিমান চলাচল ক্ষেত্রেও তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

রোহিঙ্গা ইস্যুতেও পাশে চাইছে ঢাকা

বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার শুনানির পর দুই দেশ কী ভাবে যৌথ উদ্যোগ এগিয়ে নিতে পারে, তা নিয়েও কথা হয়েছে। মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও সহযোগিতা বাড়ানোর বিষয়ে মত বিনিময় করেছেন দুই নেতা।

বৈঠকের শেষে এরদোয়ান ও তাঁর স্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তারেক। সব মিলিয়ে প্রতিরক্ষা, জ্বালানি ও কূটনৈতিক ক্ষেত্রে তুরস্কের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে ঢাকা। তবে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং কাশ্মীর প্রশ্নে ভারতের বিরোধিতাকারী আঙ্কারার সঙ্গে বাংলাদেশের এই প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে কী প্রভাব ফেলে, সেদিকেও নজর থাকবে নয়াদিল্লির।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks