ফের খবরে বাংলাদেশ। ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দিয়েছে তারেক রহমান শাসিত বাংলাদেশে। সেদেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় অশান্তি বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে খোলা রাস্তায় দিনেদুপুরে সকলের চোখের সামনে থেকে পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটে গিয়েছে। এখানেই শেষ নয়। ঢাকার আদালত চত্বরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মারধরের শিকার আইনজীবী শামিম আল সাইফুল সোহাগকেই ককটেল বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।
সদ্য বুধবার, চট্টোগ্রামের হালিশহর এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে রাস্তায় রাখা, পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, হালিশহর থানার পুলিশ সদস্যরা একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। পুলিশের ওই গাড়িতে ছিলেন তিন জন পুলিশ সদস্য। দুপুরে তাঁরা গাড়িটি জেলা পুলিশ লাইনসের সামনের রাস্তায় রেখে খেতে গিয়েছিলেন এক রেস্তোরাঁয়। রিপোর্ট বলছে, পুলিশ সদস্যরা খেয়েদেয়ে ফিরে এসে দেখেন গাড়ি সেখানে নেই। ঘটনায় স্তম্ভিত হন অনেকেই। এই অবস্থায় পুলিশকর্মীরা সিসিটিভি ফুটেজ দেখেন। সিসিটিভিতেই এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গিয়েছেন।সেই গাড়ি উদ্ধারে তখনই তৎপর হয় বাংলাদেশের পুলিশ।
এদিকে, অপর এক ঘটনায়, বাংলাদেশে এক মামলার জন্য কোর্টে পৌঁছলে এক আইনজীবী প্রথমে মারধরের শিকার হন বলে অভিযোগ। পরে, সেই আইনজীবীকেই ককটেল বিস্ফোরণ মামলায় অভিযুক্ত করে কারাবন্দি করা হয়েছে। ঘটনা বাংলাদেশের আইনজীবী শামিম আল সাইফুল সোহাগকে ঘিরে। কিছুদিন আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাইদ খোকনকে গ্রেফতার করা হয়। তাঁকে আদালতে হাজির করার আগে, তাঁর আইনজীবী সোহাগের ওপর হামলা করেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা, বলে অভিযোগ। রিপোর্ট বলছে, এই আইনজীবীকে ব্যাপক মারধর করা হয়। হামলার জেরে তিনি মাটিতে পড়ে যান। তখনও তাঁর ওপর হামলা চালাতে দেখা যায় কয়েকজনকে। এদিকে, আইনজীবী সোহাগকে ৯ নভেম্বর আদালত এলাকায় ককেটল বিস্ফোরণে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই অনুপম দাস। কাঠগড়ায় দাঁড়িয়ে সোগাহ বলেন, গতকাল প্রাক্তন মেয়র সাঈদ খোকনের মামলায় শুনানি থাকায় ৩৩ নম্বর আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে নেওয়া হয়। আইনজীবী সোহাগ বলেছেন, ‘আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিল আসামি।’