...
...
Next Story

Bangladeshi Speaker in Pakistan: পাকিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে বিষোদগার বাংলাদেশের স্পিকারের! কাশ্মীর নিয়েও পাকের পাশে

গত ২৩ নভেম্বর থেকে ছ'দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন হাফিজ উদ্দিন। বাংলাদেশের সংসদের কোনও দায়িত্বপ্রাপ্ত স্পিকারের এটাই প্রথম সরকারি পাকিস্তান সফর। পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সেখানে গিয়েছেন তিনি।

Published on: Nov 27, 2026, 08:10:28 IST
Advertisement

ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই পাকিস্তান সফরে গিয়ে নয়াদিল্লির বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এমনকি ভারত হাসিনাকে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। কাশ্মীর প্রশ্নেও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন বাংলাদেশের স্পিকার। তাঁর এই মন্তব্যে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের নতুন সমীকরণ এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে ছ'দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন হাফিজ উদ্দিন।
গত ২৩ নভেম্বর থেকে ছ'দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন হাফিজ উদ্দিন।

গত ২৩ নভেম্বর থেকে ছ'দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন হাফিজ উদ্দিন। বাংলাদেশের সংসদের কোনও দায়িত্বপ্রাপ্ত স্পিকারের এটাই প্রথম সরকারি পাকিস্তান সফর। পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সেখানে গিয়েছেন তিনি। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

ইসলামাবাদের সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য করেন হাফিজ। তাঁর দাবি, মুক্তিযুদ্ধের সময় ভারত আসলে বাঙালিদের সাহায্য করেনি। বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল নয়াদিল্লির উদ্দেশ্য। তাঁর বক্তব্য, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের মানুষ গণতন্ত্রের অধিকার চেয়েছিলেন। কিন্তু তাঁদের সেই অধিকার দেওয়া হয়নি। উল্লেখযোগ্য বিষয়, হাফিজ নিজে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসাবে যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরে বাংলাদেশের তরফে সাহসিকতার জন্য সম্মানিতও হন তিনি।

তবে ১৯৭১ সালের ইতিহাস নিয়ে তাঁর বক্তব্যের সঙ্গে একাধিক ঐতিহাসিক নথির তথ্যের অমিল রয়েছে। মুক্তিযুদ্ধের সময় ভারত প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। পাশাপাশি মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও সামরিক সহায়তা দিয়েছিল। ৩ ডিসেম্বর পাকিস্তানের বিমান হামলার পর সরাসরি যুদ্ধে নামে ভারতীয় সেনা। ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পথ নিশ্চিত হয়।

হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি

হাফিজের দাবি, হাসিনা বাংলাদেশে ফিরলে সরাসরি তাঁকে জেলে পাঠানো হবে। আগামী ১০ বছরের মধ্যে তাঁর দেশে ফেরার সম্ভাবনাও কম বলে মন্তব্য করেছেন স্পিকার। পাশাপাশি হাসিনার ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ কার্যত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর মতে, সেই সময়ে বাংলাদেশের মানুষকে নানা ভাবে বঞ্চিত করা হয়েছে।

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সুর স্পিকারের গলায়

শুধু হাসিনা বা মুক্তিযুদ্ধ নয়, কাশ্মীর নিয়েও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন হাফিজ। তাঁর বক্তব্য, রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত। পাকিস্তান বাংলাদেশের এক প্রার্থীর ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেছেন।

এমনকি ১৭ নভেম্বর ঢাকায় ভারত-পাকিস্তান ফুটবল ফাইনালের প্রসঙ্গ টেনেও পাকিস্তানের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনের কথা বলেছেন তিনি। তাঁর দাবি, স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৯৯.৯ শতাংশ দর্শক পাকিস্তানকে সমর্থন করেছিলেন। যদিও শেষ পর্যন্ত ভারত ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

আওয়ামী লীগকেও সন্ত্রাসবাদী সংগঠন বলে আক্রমণ করেছেন বাংলাদেশের স্পিকার। দলটির উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে হাফিজের এই ধারাবাহিক ভারত-বিরোধী মন্তব্য এবং কাশ্মীর প্রশ্নে ইসলামাবাদের পাশে দাঁড়ানো দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে প্রশ্ন তুলেছে।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks