...
...
Next Story

Bangladesh Unrest impact on Economy: বাংলাদেশে যত বেশি অশান্তি, তত লাভ ভারতের, পড়শি দেশ থেকে সামনে এল বড় পরিসংখ্যান

রিপোর্ট অনুযায়ী, নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির মাসিক পোশাক কেনার প্রায় ১০ শতাংশ বরাত অন্য এশীয় দেশে সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রধান কারণ বাংলাদেশের কারখানাগুলিতে লাগাতার শ্রমিক অসন্তোষ।

Published on: Nov 28, 2026, 08:15:21 IST
Advertisement

বাংলাদেশের রাজনৈতিক ও শ্রমিক অসন্তোষের মাশুল এবার গুনতে শুরু করেছে দেশের বৃহত্তম রপ্তানি শিল্প। আর সেই সুযোগেই আন্তর্জাতিক পোশাক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করছে ভারত। শ্রমিক বিক্ষোভ, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তায় বাংলাদেশের পোশাকশিল্পের উপর থেকে আস্থা হারাচ্ছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। পরিস্থিতি এমনই যে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার এবং সেলিওর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পোশাকের বরাত সরিয়ে অন্য দেশে পাঠাচ্ছে। আর সেই বরাতের সিংহভাগই যাচ্ছে প্রতিবেশী ভারতে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লক্ষ ডলারের পোশাকের বরাত অন্য দেশে চলে গিয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২,২০০ কোটি টাকা। বাংলাদেশের জন্য যা অর্থনৈতিক ধাক্কা হলেও ভারতের পোশাকশিল্পের কাছে বিরাট সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।

বাংলাদেশের রাজনৈতিক ও শ্রমিক অসন্তোষের মাশুল এবার গুনতে শুরু করেছে দেশের বৃহত্তম রপ্তানি শিল্প। (AFP)
বাংলাদেশের রাজনৈতিক ও শ্রমিক অসন্তোষের মাশুল এবার গুনতে শুরু করেছে দেশের বৃহত্তম রপ্তানি শিল্প। (AFP)

রিপোর্ট অনুযায়ী, নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির মাসিক পোশাক কেনার প্রায় ১০ শতাংশ বরাত অন্য এশীয় দেশে সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রধান কারণ বাংলাদেশের কারখানাগুলিতে লাগাতার শ্রমিক অসন্তোষ। মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় চার সপ্তাহ ধরে চলা আন্দোলনে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা কার্যত ধাক্কা খেয়েছে। সময়মতো পোশাক সরবরাহ করতে না পারায় আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প উৎপাদন কেন্দ্রের সন্ধান শুরু করেছেন। তিনজন বাংলাদেশি পোশাক কারখানার মালিকের বক্তব্য উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে রয়টার্স। তাঁদের দাবি, সরিয়ে নেওয়া বরাতের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও কিছু বরাত যাচ্ছে।

ভারতের জন্য এই পরিস্থিতি কেন গুরুত্বপূর্ণ? কারণ, আন্তর্জাতিক পোশাক বাজারে শুধু কম দামে পণ্য তৈরি করলেই হয় না, নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করাও অত্যন্ত জরুরি। বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম শক্তি ছিল কম উৎপাদন খরচ। কিন্তু এখন মজুরি, বিদ্যুৎ, জ্বালানি এবং কাঁচামালের দাম বৃদ্ধিতে সেই সুবিধা ক্রমশ কমছে। তার উপর রাজনৈতিক অনিশ্চয়তা ও শ্রমিক আন্দোলন আন্তর্জাতিক ক্রেতাদের আরও সতর্ক করে তুলেছে। বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্য অনুযায়ী, ভারতীয় কারখানাগুলি বাংলাদেশের তুলনায় প্রায় এক সপ্তাহ আগে পোশাক সরবরাহ করতে সক্ষম। ফলে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে চাওয়া আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে ভারত ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে।

সমস্যা আরও বেড়েছে নতুন মজুরি নির্ধারণ ঘিরে। শ্রমিকদের দাবির মুখে ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার সিদ্ধান্ত হলেও আন্দোলন পুরোপুরি থামেনি। নতুন সিদ্ধান্তের পরেও বিভিন্ন কারখানায় বিক্ষোভ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে। ঢাকার আশপাশের বেশ কিছু কারখানা ইতিমধ্যে ২০ থেকে ২৫ দিনের উৎপাদন সময় হারিয়েছে। ক্রেতাদের কাছে সময়মতো পণ্য পৌঁছে দিতে এখন অতিরিক্ত কাজ এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছেন কারখানা মালিকরা।

সবচেয়ে বড় আশঙ্কা, এই বরাত একবার ভারত বা অন্য দেশে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলেও তা আর বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশের পোশাকশিল্পের কর্তাদেরও উদ্বেগ, সাময়িকভাবে বরাত সরানোর সিদ্ধান্ত ভবিষ্যতে স্থায়ী রূপ নিতে পারে। অন্যদিকে ভারতের সামনে এখন আন্তর্জাতিক পোশাক বাজারে নিজেদের উৎপাদন ক্ষমতা ও সরবরাহ ব্যবস্থার দক্ষতা তুলে ধরার বড় সুযোগ। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা যত দীর্ঘায়িত হবে, ততই আন্তর্জাতিক বাজারে ভারতীয় পোশাকশিল্পের জায়গা শক্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। প্রতিবেশী দেশের সংকট যে ভারতের বাণিজ্যিক সম্ভাবনায় নতুন দরজা খুলে দিয়েছে, সাম্প্রতিক এই বরাত স্থানান্তর তারই বড় ইঙ্গিত।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks