Farooqi on Mustafiz Row: IPL থেকে মুস্তাফিজ বাদ পড়ায় অদ্ভূত যুক্তি ইউনুস সরকারের উপদেষ্টার- 'ভারতে সংখ্যালঘু...'

ইউনুস সরকারের উপদেষ্টা এবার প্রশ্ন করলেন, ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রক উদ্বেগ জানাতেই কি মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে?

Published on: Jan 4, 2026, 08:44:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিজেদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। সেই ইউনুস সরকারের উপদেষ্টা এবার প্রশ্ন করলেন, ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রক উদ্বেগ জানাতেই কি মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে? এক ফেসবুক পোস্টে মোস্তফা ফারুকি লেখেন, 'আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন‍্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন। আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে।' (আরও পড়ুন: আইপিএল থেকে বাদ পড়ে প্রথমবার মুখ খুললেন মুস্তাফিজ, কী বললেন বাংলাদেশি পেসার?)

আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়তেই অদ্ভূত প্রশ্ন মোস্তফা ফারুকির
আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়তেই অদ্ভূত প্রশ্ন মোস্তফা ফারুকির

আরও পড়ুন: বাংলাদেশে দেখানো হবে না IPL! মুস্তাফিজ বাদ পড়তেই তেলে বেগুনে জ্বলল ইউনুস সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও লেখেন, 'ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ এটাও দেখা হবে নিশ্চয়ই। আপনারা যারা আমাকে উদ্দেশ‍্য করে বাংলাদেশে সব রকম প্লাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর- এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ‍্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।'

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর খোকন দাস নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে কোপ মেরে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই ব্যবসায়ী ৩ জানুয়ারি মারা যান। কাকতালীয় ভাবে, এই খবর সামনে আসার কিছু পরই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দেয়।

নিলামে ৯ কোটি টাকারও বেশি দাম উঠেছিল মুস্তাফিজের। তাঁকে কিনেছিল কেকেআর। তবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বলে বিসিসিআই। এর আগে সিএসকে, হায়দরাবাদের মতো দলের হয়ে আইপিএল খেলে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। এদিকে একদিকে ভারত বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশ। অপরদিকে মুস্তাফিজ বাদ পড়ায় কার্যত রাতের ঘুম হাওয়া হয়েছে বাংলাদেশিদের।

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের আবহে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজকে নেওয়ায় শাহরুখের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ডানপন্থীরা। এমনকী শাহরুখকে 'বিশ্বাসঘাতক' আখ্যা দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সঙ্গীত সোম। শুধু রাজনৈতিক নেতা নন, আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে তুলোধোনা করেছিলেন। এদিকে বিজেপির সাংসদ সঞ্জয় জয়সওয়াল বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রসন্ন করতে নাকি মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

এদিকে মুস্তাফিজ বিতর্কের মাঝেই বাংলাদেশ-ভারত সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। এর আগে ২০২৫ সালে রাজনৈতিক অশান্তির জেরে বাতিল হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। তবে নয়া বছরে বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত বাংলাদেশে যাবে। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে টি২০ সিরিজ। তবে বর্তমান পরিপ্রেক্ষিতে সেই সফরও হবে কি না, বলা কঠিন। তবে ততদিনে বাংলাদেশে নির্বাচিত সরকার চলে আসবে। তবে বর্তমান পরিপ্রেক্ষিত দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যা সহ হিন্দুদের ওপর একের পর এক অত্যাচারের ঘটনার আবহে মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই সিদ্ধান্তের পর অবশ্য দুই দেশের সম্পর্কে আরও তিক্ততা বাড়তে পারে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More