...
...
Next Story

Bangladeshi Minister on India: ‘বাংলাদেশের ভাগ্য ঠিক করবে জনগণ, ভারত নয়!’ হাসিনা ইস্য়ুতে বিস্ফোরক বিএনপি প্রতিমন্ত্রী

গত শুক্রবার, ২০ নভেম্বর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ঐতিহাসিক বেলতলী ঈদগাহ মাঠ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ১৭তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম। সেখানেই তিনি বলেন, বাংলাদেশ কোনও পার্শ্ববর্তী দেশের তাবেদারি করবে না।

Published on: Nov 21, 2026, 10:02:10 IST
Advertisement

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের বিতর্কিত মন্তব্য বিএনপি সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের। একদিকে ভারতের বিরুদ্ধে পরোক্ষভাবে ‘তাবেদারি’র অভিযোগ তুলে জাতীয় সার্বভৌমত্বের কথা বলছেন তিনি, অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি দিচ্ছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশ কোনও প্রতিবেশী দেশের নির্দেশে চলবে না। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের মানুষই। কিন্তু বিদেশি শক্তির হস্তক্ষেপের অভিযোগ তুললেও তার সপক্ষে নির্দিষ্ট কোনও প্রমাণ বা ঘটনার উল্লেখ করেননি প্রতিমন্ত্রী। ফলে তাঁর এই মন্তব্য ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং বিএনপি সরকারের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

‘বাংলাদেশের ভাগ্য ঠিক করবে জনগণ, ভারত নয়!’ হাসিনা ইস্য়ুতে বিস্ফোরক বিএনপি প্রতিমন্ত্রী (AFP)
‘বাংলাদেশের ভাগ্য ঠিক করবে জনগণ, ভারত নয়!’ হাসিনা ইস্য়ুতে বিস্ফোরক বিএনপি প্রতিমন্ত্রী (AFP)

গত শুক্রবার, ২০ নভেম্বর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ঐতিহাসিক বেলতলী ঈদগাহ মাঠ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ১৭তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম। সেখানেই তিনি বলেন, বাংলাদেশ কোনও পার্শ্ববর্তী দেশের তাবেদারি করবে না। দেশের মানুষই ঠিক করবে বাংলাদেশ কীভাবে চলবে এবং কোন পথে এগিয়ে যাবে।

শেখ হাসিনাকে নিশানা, আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানোর ডাক

বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল ফ্যাসিবাদের পুনরুত্থান নিয়ে তাঁর হুঁশিয়ারি। মীর শাহে আলম বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল নাকি ঐক্যবদ্ধ হয়েছে। দেশে আর ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। তাঁর কথায়, মানুষের উপর অন্যায়, অত্যাচার ও জুলুম চালানোর পর ফ্যাসিস্টদের শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয়েছে।

যদিও বক্তব্যে সরাসরি শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি প্রতিমন্ত্রী, তবুও তাঁর এই মন্তব্যের রাজনৈতিক লক্ষ্য যে আওয়ামী লীগ এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরেই, তা স্পষ্ট। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

এরপরই ভারতের মাটি থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, দেশের বাইরে বসে ফোনের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনা চলছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টা প্রতিহত করার কথাও বলেন তিনি।

এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ শেখ হাসিনা-সহ আওয়ামী লীগের একাধিক নেতা বর্তমানে ভারতে রয়েছেন। তবে বিদেশে অবস্থান করে ফোনে ফোনে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অভিযোগ করেছেন মীর শাহে আলম, তার সমর্থনে কোনও নির্দিষ্ট তথ্য বা প্রমাণ তিনি প্রকাশ করেননি। ফলে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

প্রতিবেশী ভারতকে তাবেদারি করার প্রসঙ্গ টেনে তাঁর এই বক্তব্যও কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিতে পারে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেবল রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, নিরাপত্তা এবং মানুষের পারস্পরিক যাতায়াতের সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি মানুষের স্বার্থ। সেখানে ভারতকে ঘিরে রাজনৈতিক মঞ্চ থেকে আক্রমণাত্মক বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে কতটা ইতিবাচক, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

জিয়া পরিবারের প্রশংসায় পঞ্চমুখ প্রতিমন্ত্রী

অন্যদিকে, একই অনুষ্ঠানে বিএনপি এবং জিয়া পরিবারের ভূয়সী প্রশংসা করেন মীর শাহে আলম। তাঁর দাবি, বাংলাদেশের প্রতিটি সংকটের সময়ে জিয়া পরিবার দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য। বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখযোগ্য বিষয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান প্রতিমন্ত্রী। অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চেও রাজনৈতিক নেতৃত্বের প্রশস্তি এবং দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন তিনি।

সব মিলিয়ে, মীর শাহে আলমের বক্তব্যে একদিকে ভারতের প্রতি পরোক্ষ কটাক্ষ, অন্যদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন রুখে দেওয়ার বার্তা স্পষ্ট। তবে বাংলাদেশের ভবিষ্যৎ যদি সত্যিই জনগণের হাতে থাকে, তাহলে সেই সিদ্ধান্তের অধিকার আওয়ামী লীগ-সহ প্রত্যেক রাজনৈতিক শক্তির ক্ষেত্রেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। প্রতিবেশী ভারতের সঙ্গে সহযোগিতার বদলে রাজনৈতিক বিদ্বেষ বাড়িয়ে বাংলাদেশের কতটা লাভ হবে, সেই প্রশ্নও এড়িয়ে যাওয়ার উপায় নেই।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks