...
...
Next Story

₹98,000 curd: দইয়ের দাম ফেরত চাইতে গিয়ে অ্যাকাউন্ট সাফ! অনলাইন অর্ডারের 'রিফান্ড' ফাঁদে সর্বস্বান্ত মহিলা

₹98,000 curd: প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরেই তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর সেন্ট্রাল সাইবার ক্রাইম পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Updated on: Oct 26, 2026, 14:26:24 IST
Advertisement

₹98,000 curd: অনলাইন ডেলিভারি অ্যাপ 'ব্লিনকিট' (Blinkit)-এ দই অর্ডার করে মারাত্মক সাইবার প্রতারণার শিকার হলেন এক মহিলা। নষ্ট দইয়ের প্যাকেটের টাকা ফেরত (Refund) চাইতে গিয়ে গুগল থেকে পাওয়া ভুয়ো কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে বসেন তিনি। এর পরই প্রতারকদের পাঠানো হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে নিমেষের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়ালেন ৯৮ হাজার টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে।

দইয়ের দাম ফেরত চাইতে গিয়ে অ্যাকাউন্ট সাফ! অনলাইন অর্ডারের 'রিফান্ড' ফাঁদে সর্বস্বান্ত মহিলা
দইয়ের দাম ফেরত চাইতে গিয়ে অ্যাকাউন্ট সাফ! অনলাইন অর্ডারের 'রিফান্ড' ফাঁদে সর্বস্বান্ত মহিলা

পুলিশে দায়ের করা অভিযোগ অনুযায়ী, প্রতারণার শিকার হওয়া ৫৬ বছর বয়সি ওই গৃহবধূর নাম সৌন্দর্য (নাম পরিবর্তিত)। তিনি বেঙ্গালুরুর বসন্ত নগরের প্যালেস ক্রস রোডের একটি বহুতল আবাসনের বাসিন্দা। গত ১৭ অক্টোবর তিনি কুইক-কমার্স প্ল্যাটফর্ম ব্লিনকিটে এক প্যাকেট দই অর্ডার করেছিলেন। কিন্তু ডেলিভারি পাওয়ার পর তিনি দেখেন প্যাকেটটি কাটা ও নষ্ট। তিনি তৎক্ষণাৎ ডেলিভারি বয়কে বিষয়টি জানালে, ওই কর্মী তাঁকে সরাসরি অ্যাপের কাস্টমার কেয়ারে যোগাযোগ করার পরামর্শ দেন। এর পর অ্যাপের ভিতরে অভিযোগ জানানোর পরিবর্তে ওই মহিলা ইন্টারনেটে ব্লিনকিটের কাস্টমার কেয়ার নম্বর খুঁজতে শুরু করেন। গুগলে একটি নম্বর পেয়ে তিনি সরাসরি সেখানে ফোন করেন। অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে কাস্টমার কেয়ারের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং টাকা ফেরতের আশ্বাস দিয়ে কিছু নির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করতে বলে।

এরপর প্রতারক ওই মহিলার হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠায় এবং নষ্ট হয়ে যাওয়া দইয়ের প্যাকেটের ছবি সেখানে আপলোড করতে বলে। ছবি আপলোড করার কিছুক্ষণ পরেই অপর এক ব্যক্তি তাঁকে ফোন করে জানায় যে রিফান্ড প্রক্রিয়া শুরু হয়েছে এবং ব্যালেন্স ঢুকেছে কিনা তা দেখার জন্য ডিজিটাল পেমেন্ট অ্যাপটি খুলতে বলে। ওই মহিলা যখন নিজের পেমেন্ট অ্যাপটি খুলে পাসওয়ার্ড দিয়ে ব্যালেন্স চেক করতে যান, তখনই তাঁর মোবাইলের স্ক্রিন থেকে অ্যাপটি হঠাৎ উধাও হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মোবাইল ব্যাঙ্কিং থেকে মেসেজ আসে যে তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় মোট ৯৮,০০০ টাকা কেটে নেওয়া হয়েছে। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরেই তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর সেন্ট্রাল সাইবার ক্রাইম পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks