...
...
Next Story

টাটা গোষ্ঠীতে বড়সড় নেতৃত্ব বদল! ১৬ বছর পর চেয়ারম্যান পদ থেকে সরলেন নোয়েল টাটা, দায়িত্বে কে?

দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পদে থাকার পর অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নোয়েল টাটা। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন বাহরাম। সংস্থার প্রতি দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে নোয়েল টাটাকে চেয়ারম্যান এমেরিটাস পদে নিযুক্ত করা হয়েছে।

Published on: Nov 12, 2026, 11:23:50 IST
Advertisement

টাটা গোষ্ঠীর অন্দরে বড়সড় নেতৃত্ব বদল। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পদে থাকার পর অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নোয়েল টাটা। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিশিষ্ট কর্পোরেট আইনজীবী এবং AZB & Partners-এর অন্যতম প্রতিষ্ঠাতা বাহরাম ভাকিল। বুধবার, ১১ নভেম্বর সংস্থার বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন বাহরাম। অন্যদিকে, সংস্থার প্রতি দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে নোয়েল টাটাকে চেয়ারম্যান এমেরিটাস পদে নিযুক্ত করা হয়েছে। ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটার নেতৃত্ব কাঠামোয় এই পরিবর্তনকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে কর্পোরেট মহল।

দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পদে থাকার পর অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নোয়েল টাটা। (REUTERS)
দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পদে থাকার পর অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নোয়েল টাটা। (REUTERS)

কেন হঠাৎ চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন নোয়েল টাটা? আসলে এর পিছনে রয়েছে টাটা গোষ্ঠীর নিজস্ব কর্পোরেট গভর্ন্যান্স নীতি। সংস্থার নিয়ম অনুযায়ী, ৭০ বছর বয়স হলে নন-এক্সিকিউটিভ এবং নন-ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের অবসর নিতে হয়। চলতি নভেম্বরেই ৭০ বছর বয়সে পা দিয়েছেন নোয়েল টাটা। সেই নিয়ম মেনেই টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০৪ সালের ৯ জুন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের বোর্ডে যোগ দিয়েছিলেন নোয়েল টাটা। এরপর ২০১০ সালের ২৪ জুন সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে তাঁর নেতৃত্বে সংস্থা একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে বলে জানিয়েছে টাটা ইনভেস্টমেন্ট। শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য তৈরি এবং সংস্থার উন্নয়নে তাঁর কৌশলগত ভূমিকার প্রশংসাও করেছে বোর্ড।

এবার প্রশ্ন, কে এই বাহরাম ভাকিল? দেশের কর্পোরেট আইনজগতে অত্যন্ত পরিচিত নাম তিনি। AZB & Partners-এর অন্যতম প্রতিষ্ঠাতা অংশীদার বাহরাম ভাকিল। কর্পোরেট পুনর্গঠন, দেউলিয়া আইন, পরিকাঠামো এবং প্রজেক্ট ফিনান্সের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে। শুধু আইনজীবী হিসেবেই নয়, দেশের আর্থিক ও কর্পোরেট সংস্কারের ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোড বা IBC-সংক্রান্ত বিভিন্ন কমিটির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তাঁর। ২০২৬ সালের মার্চ মাসে সংস্থার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান বাহরাম। এবার সেই সংস্থার সর্বোচ্চ চেয়ারম্যান পদে বসতে চলেছেন তিনি।

এদিকে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন ছাড়াও আরও কয়েকটি সংস্থার বোর্ড থেকে সরে দাঁড়াচ্ছেন নোয়েল টাটা। ট্রেন্ট, ভোল্টাস এবং টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পদেও পরিবর্তন হচ্ছে। ট্রেন্টের চেয়ারম্যান হিসেবে বাহরাম ভাকিলের নাম সামনে এসেছে। ভোল্টাসের দায়িত্ব নিচ্ছেন সুনীল ডি'সুজা এবং টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হচ্ছেন টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর টিভি নরেন্দ্রন।

তবে সংস্থাগুলির পরিচালন পর্ষদ থেকে সরে দাঁড়ালেও টাটা গোষ্ঠীর সঙ্গে নোয়েল টাটার সম্পর্ক শেষ হচ্ছে না। তিনি টাটা ট্রাস্টসের চেয়ারম্যান পদে বহাল থাকবেন এবং টাটা সন্সের বোর্ডে টাটা ট্রাস্টসের মনোনীত ডিরেক্টর হিসেবেও থাকবেন।

সব মিলিয়ে নোয়েল টাটার অবসরের বয়সে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই টাটা গোষ্ঠীর একাধিক গুরুত্বপূর্ণ সংস্থায় শুরু হয়েছে নেতৃত্বের নতুন অধ্যায়। এবার বাহরাম ভাকিলের নেতৃত্বে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন কীভাবে এগিয়ে যায়, সেদিকেই নজর থাকবে বিনিয়োগকারী ও কর্পোরেট মহলের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks