...
...
Next Story

Bihar Sexual Harassmnet: আবারও বিহার! পর্যটনকেন্দ্রে তরুণী এবং তাঁর বন্ধুকে ঘিরে ওই যুবকেরা অশালীন আচরণ

পুলিশ জানিয়েছে, বাঁকা জেলার মন্দর হিলের ঘটনায় ছয় অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, পর্যটনকেন্দ্রে তরুণী এবং তাঁর বন্ধুকে ঘিরে ওই যুবকেরা অশালীন আচরণ করেন। ভিডিয়োতে কয়েক জনকে তরুণীকে উত্ত্যক্ত করতে এবং তাঁকে চটি দিয়ে মারতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Published on: Sep 25, 2026, 12:39:57 IST
Advertisement

বিহারের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মন্দর হিলে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণ এবং তাঁর পুরুষ সঙ্গীকে মারধরের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বিহারে। গত এক সপ্তাহে এই ধরনের একাধিক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

বিহারের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মন্দর হিলে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণ
বিহারের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মন্দর হিলে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণ

পুলিশ জানিয়েছে, বাঁকা জেলার মন্দর হিলের ঘটনায় ছয় অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, পর্যটনকেন্দ্রে তরুণী এবং তাঁর বন্ধুকে ঘিরে ওই যুবকেরা অশালীন আচরণ করেন। ভিডিয়োতে কয়েক জনকে তরুণীকে উত্ত্যক্ত করতে এবং তাঁকে চটি দিয়ে মারতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এক যুবককে হুমকি দিতেও দেখা যায়।

ঘটনার খবর প্রথমে পুলিশের কাছে সরাসরি পৌঁছয়নি। সমাজমাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর ২২ সেপ্টেম্বর বউনসি থানার পুলিশ বিষয়টি জানতে পারে। এরপরই শুরু হয় তদন্ত। পরে পুলিশ মন্দর হিলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে। ভিডিয়োটি তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে রাখা হয়েছে।

দায়ের হওয়া এফআইআরে ছয় অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে তরুণীর সঙ্গে অশালীন আচরণ এবং আপত্তিকর কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, পুরো ঘটনাটি ভিডিয়ো করে পরে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পুলিশ এখনও ভিডিয়োয় দেখা যুবকদের এবং আক্রান্ত তরুণীকে শনাক্ত করতে পারেনি।

বউনসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ কুমার ঝা জানিয়েছেন, তাঁর নিজের বক্তব্যের ভিত্তিতেই ছয় অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটিকে তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হিসেবে দেখছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৫, ৭৬ এবং ৩(৫) ধারায় মামলা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ই এবং ৬৭এ ধারাও যোগ করা হয়েছে।

মন্দর হিলের ঘটনার আগে বিহারে একই ধরনের আরও দু’টি ঘটনা ঘিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। বুধবার সমষ্টিপুরে এক কিশোরী এবং এক যুবককে প্রকাশ্যে হেনস্থার ভিডিয়ো সামনে আসার পর চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিয়োতে তরুণীকে ঘিরে শারীরিক হেনস্থা এবং অশালীন আচরণের অভিযোগ দেখা যায়। আক্রান্ত তরুণীকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। তাই স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করে তদন্ত শুরু করা হয়।

তারও কয়েক দিন আগে জামুই জেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে হেনস্থা এবং তাঁর পুরুষ সঙ্গীকে মারধরের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পর পর এই ধরনের ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসায় বিহারে মহিলাদের নিরাপত্তা এবং পর্যটনকেন্দ্রগুলিতে নজরদারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মন্দর হিলের ঘটনায় অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks